ভিনিসিউস কেন আবার পেনাল্টি নিলেন
এক মাসের কম সময়ের মধ্যে রেয়াল মাদ্রিদের হয়ে দুটি পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হলেন ব্রাজিলিয়ান তারকা।
আগের পেনাল্টিতে ব্যর্থতার রেশ পুরোপুরি মিলিয়ে যায়নি। এর মধ্যেই ভিনিসিউস জুনিয়রের পেনাল্টি দুঃস্বপ্নে যোগ হলো নতুন অধ্যায়। সেটির খেসারত দিতে হলো রেয়াল মাদ্রিদকে। প্রশ্নটাও তাই উচ্চকিত হচ্ছে, কিলিয়ান এমবাপে দলে থাকতেও কেন পেনাল্টি নিচ্ছেন ব্রাজিলিয়ান এই তারকা।
ভালেন্সিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে শনিবার ত্রয়োদশ মিনিটে ভিনিসিউসের দুর্বল পেনাল্টি শট রুখে দেন গোলকিপার। মিনিট দুয়েক পরই গোল করে এগিয়ে যায় ভালেন্সিয়া।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ভিনিসিউসের গোলেই সমতায় ফেরে রেয়াল। তবে ৯০ মিনিট শেষে যোগ করা ছয় মিনিটের পঞ্চম মিনিটে উগো দুরো হেড থেকে গোল করে নাটকীয়ভাবে জিতিয়ে দেন ভালেন্সিয়াকে। রেয়ালের শিরোপা ধরে রাখার সম্ভাবনায় লাগে বড় চোট।
সপ্তাহ তিনেক আগেই চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে পেনাল্টিতে গোল করতে পারেননি ভিনিসিউস। এই মৌসুমে রেয়ালের হয়ে পেনাল্টি নিয়েছেন কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যামও। তারাও ব্যর্থ হয়েছেন পেনাল্টিতে, তবে তাদের সাফল্যের হার বেশি। গত কিছুদিনে তো এমবাপে পেনাল্টি কাজে লাগিয়েছেন নিয়মিতই। পেনাল্টিতে ভিনিসিউসের আত্মবিশ্বাসের ঘাটতিও আপাতত পরিষ্কার। তার পরও লিগের এমন গুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টিতে কেন ঝুঁকি নেওয়া হচ্ছে, প্রশ্নটা উঠছেই।
ম্যাচের পর কোচ কার্লো আনচেলত্তি পরিষ্কার কোনো জবাব দিলেন না এটি নিয়ে।
“পেনাল্টির দিক থেকে এই মৌসুমে আমাদের অবস্থা বেশ জটিল। বেলিংহ্যাম, এমবাপে এবং ভিনিসিউস, সবাই মিস করেছে… আমি তাকে (ভিনিসিউস) চেষ্টা করেছি আত্মবিশ্বাস জোগাতে, তবু আবার মিস করে ফেলল।”
এই ব্যর্থতার পরও কি ভিনিসিউসকে আবার পেনাল্টি নিতে দেওয়া হবে? এই প্রশ্নে আনচেলত্তি শুধু বললেন, “দেখা যাক…।”
শুধু পেনাল্টিতে ব্যর্থতাই নয়, চলতি মৌসুমে ভিনিসিউসের পারফরম্যান্স বেশ অধরাবাহিক। গত মৌসুমে অসাধারণ পারফর্ম করা ব্রাজিলিয়ান তারকাকে এবার সেরা চেহারায় পাওয়া যাচ্ছে কমই। এই ম্যাচে তো ঘরের মাঠেই দুয়ো শুনতে হয়েছে তাকে।
আনচেলত্তি অবশ্য ২৪ বছর বয়সী তারকার পাশেই দাঁড়ালেন।
“ভিনিসিউস নিজের কাজে মনোযোগী হয়েই আছে। কখনও সে ভালো খেলতে পারে, কখনও খারাপ। তবে সে জানে সে কী করতে চায় এবং সেদিকে মন আছে তার।”
