গ্র্যান্ড স্ল্যামে ৩৭০ দিনে প্রথম জয় মেদভেদেভের
মেজর টুর্নামেন্টের শুরুতেই ছিটকে পড়ার ধারায় ছেদ টানতে পেরে স্বস্তি পাচ্ছেন রুশ তারকা।
চার বছর আগে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ, পরের তিন বছরে আরও তিনটি মেজরের ফাইনালিস্ট-দারুণ এই যাত্রার পরে গত বছরটা খুব খারাপ কাটে দানিল মেদভেদেভের। চার গ্র্যান্ড স্ল্যামের তিনটিতেই শুরুতে শেষ হয়ে যায় তার পথচলা। হতাশার সেই অধ্যায় এবার বুঝি কাটাতে পারলেন রুশ তারকা; সরাসরি সেটে জিতে উতরে গেলেন অস্ট্রেলিয়ান ওপেনের শুরুর বৈতরণী।
মার্গারেট কোর্ট অ্যারেনায় সোমবার প্রথম রাউন্ডে ইয়েসপের ডি ইয়ংকে ৭-৫, ৬-২, ৭-৬ (৭-২) গেমে হারান ১১তম বাছাই মেদভেদেভ।
কোর্টে প্রায়ই মেজাজ হারানোর কুখ্যাতি আছে ২৯ বছর বয়সী এই তারকার। সঙ্গে গত বছর যোগ হয় টানা বাজে পারফরম্যান্সের হতাশা; ২০২৫ সালের ফরাসি ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেনে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন তিনি।
গ্র্যান্ড স্ল্যামের শুরুতে ছিটকে পড়ার ওই ধারায় ছেদ টানতে পেরে স্বস্তি পাচ্ছেন মেদভেদেভ। ম্যাচের পর বললেন, চেষ্টা করছেন ইতিবাচক থাকার।
“এখন পর্যন্ত আমি ভালো করছি। সামনে কী হবে, আমরা জানি না; তবে আমি কোর্টে ইতিবাচক থাকার চেষ্টা করছি, ঠিক জীবনেও আমি যেমন।”
এই নিয়ে চলতি মৌসুমে মার্গারেট কোর্টে টানা ছয় ম্যাচ জিতলেন মেদভেদেভ। এর আগে অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ব্রিসবেন ইন্টারন্যাশনালে শিরোপা জেতেন।
বছরের প্রথম এই গ্র্যান্ড স্ল্যামের গত আসরে দ্বিতীয় আসরে উঠেছিলেন মেদভেদেভ। প্রথম রাউন্ডে ছিটকে পড়ার শঙ্কায় পড়েছিলেন তিনি; ওই সময়ের র্যাঙ্কিংয়ে ৪১৮ নম্বর কাসিদিত সামরেটের বিপক্ষে পাঁচ সেটের লড়াইয়ে আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে নেট ক্যামেরা ভেঙে ফেঙেছিলেন মেদভেদেভ।
