দিয়াবাতে-মিরাজুল-মোরসালিনের নৈপুণ্যে আবাহনীর বিশাল জয়
চলতি বাংলাদেশ ফুটবল লিগে দ্বিতীয় জয় পেল মারুফুল হকের দল।
অভিজ্ঞ সুলেমানে দিয়াবাতের পাশাপাশি দ্যুতি ছড়ালেন তরুণ মিরাজুল ইসলাম। জালের দেখা পেলেন শেখ মোরসালিন ও আল আমিন। দিশাহীন আবাহনীও ফিরে পেল পথ। ফকিরেরপুল ইয়ংমেন’সকে উড়িয়ে বাংলাদেশ ফুটবল লিগে জয়ে ফিরল মারুফুল হকের দল।
মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে শনিবার ৫-০ গোলে জিতেছে আবাহনী। প্রথমার্ধেই তিন গোল করে চালকের আসনে বসা আকাশি-নীল জার্সিধারীরা দ্বিতীয়ার্ধে করে দুটি।
ফকিরেরপুলের প্রতিরোধ ভেঙে আবাহনীর গোল উৎসবের শুরু ৩২তম মিনিটে। কাজেম শাহ কিরমানির আড়াআড়ি ক্রসে প্লেসিং শটে জালে বল পাঠান গোলমুখে ফাঁকায় থাকা দিয়াবাতে।
চার মিনিট পর ফকিরেরপুলের সমতায় ফেরার সুবর্ণ সুযোগ নষ্ট হয় বেন কুয়াত্তারার পেনাল্টি শট বাইরে দিয়ে গেলে। কোত দি ভোয়ার এই ফরোয়ার্ডকে বক্সে সুশান্ত ত্রিপুরা ফাউল করলে স্পট কিকের বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
দিয়াবাতে ব্যবধান দ্বিগুণ করেন ৪১তম মিনিটে। ডান দিকের বাইলাইনের ওপর থেকে মিরাজুল ইসলামের পাস পেয়ে, এক ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে লক্ষ্যভেদ করেন মোহামেডান থেকে এই মৌসুমে আবাহনীতে আসা মালির এই ফরোয়ার্ড।
তিন মিনিট পর গোলের খাতায় নাম তোলেন মিরাজুল। বাম দিক থেকে আসা ক্রসে তার সাইড ভলিতে যদিও খুব একটা গতি ছিল না, তবে বল ড্রপ থেকে ঝাঁপিয়ে পড়া গোলকিপার সাঞ্জু আহমেদকে পরাস্ত করে ঠিকানা খুঁজে পায়।
৭৯তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় আবাহনী। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের ভুল পাসে বল পেয়ে এক ছুটে বক্সে ঢুকে নিচু শটে লক্ষ্যভেদ করেন শেখ মোরসালিন। একটু পর আল আমিনের গোলে নিশ্চিত হয়ে যায় আবাহনীর চলতি লিগে দ্বিতীয় জয়।
লিগের ষষ্ঠ রাউন্ড শেষে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আবাহনী। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে আছে তারা। ১১ পয়েন্ট নিয়ে ফর্টিস দ্বিতীয় ও ১০ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি আছে তৃতীয় স্থানে। ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে শিরোপাধারী মোহামেডান।
