২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মৌসুমের শেষভাগে পূর্ণ শক্তির দল পাওয়ার আশায় বায়ার্ন কোচ

ভেসোঁ কম্পানির মতে, পুরোপুরি ফিট হয়ে ওঠার জন্য মার্চের আন্তর্জাতিক বিরতির সময়টা কাজে লাগাতে পারবেন ফুটবলাররা।

মৌসুমের শেষভাগে পূর্ণ শক্তির দল পাওয়ার আশায় বায়ার্ন কোচ
বায়ার্ন মিউনিখ কোচ ভেসোঁ কম্পানি। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2026, 08:12 PM

Updated : 26 Aug 2026, 03:09 PM

বায়ার্ন মিউনিখের চোটাক্রান্ত ফুটবলাদের তালিকা কেবল দীর্ঘ হচ্ছে। তবে এনিয়ে খুব একটা চিন্তিত নন ভেসোঁ কম্পানি। মৌসুমের শেষভাগে পূর্ণ শক্তির দল পাওয়ার আশা করছেন জার্মান ক্লাবটির কোচ।

পেশির চোটে মাঠের বাইরে আছেন বায়ার্নের প্রথম পছন্দের গোলরক্ষক মানুয়েল নয়ার। পায়ে চোট পেয়েছেন ডিফেন্ডার হিরোকি ইতো। 

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে গত মঙ্গলবার আতালান্তাকে ৬-১ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে চোট পেয়েছেন জামাল মুসিয়ালা ও আলফুঁস ডেভিস। গত ম্যাচেই শেষ দিকে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে আঘাত পান তাদের দ্বিতীয় পছন্দের গোলরক্ষক ইয়োনাস উরবিচ। 

বায়ার লেভারকুজেনের বিপক্ষে বুন্ডেসলিগার শনিবারের লড়াইয়ে এদের কাউকে পাবে না বায়ার্ন। ম্যাচটিতে গোলরক্ষক সভেন উলরিককে খেলাবে তারা।

চলতি মৌসুমে তিনটি শিরোপার দৌড়েই আছে বায়ার্ন। মৌসুমের এই সময়ে ফুটবলারদের চোট কিছুটা ভাবনার কারণ হলেও, কম্পানির মতে, পুরোপুরি ফিট হয়ে ওঠার জন্য মার্চের আন্তর্জাতিক বিরতিটা কাজে লাগাতে পারবেন খেলোয়াড়রা।

“পরিস্থিতি আরও খারাপ হতে পারত। আশা করছি, ইয়োনাস আগামী সপ্তাহের কোনো এক সময় ফিরবে। জামালও হয়তো আগামী সপ্তাহে অনুশীলনে ফিরতে পারে। ডেভিসের জন্য আন্তর্জাতিক বিরতির সময়টা উপকারে আসবে। আশা করি, আন্তর্জাতিক বিরতির পর পুরো স্কয়াডই পাব। যা মৌসুমের শেষ ভাগের জন্য ইতিবাচক।”

২৫ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে আছে বায়ার্ন। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে এক পা দিয়ে রেখেছে তারা। জার্মান কাপের সেমি-ফাইনালে লেভারকুজেনের বিপক্ষে খেলবে জার্মানির সফলতম ক্লাবটি।