রেয়ালে আরও অনেক বছর থাকতে চান আনচেলত্তি
অবসর নিয়ে এখনই ভাবছেন না রেয়াল মাদ্রিদের এই ইতালিয়ান কোচ।
পারফরম্যান্সে টুকটাক দুর্বলতা থাকলেও লম্বা সময় ধরে লা লিগায় অপরাজেয় রেয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের মুকুট ধরে রাখার অভিযানেও শুরুটা ভালো করেছে তারা। সবমিলিয়ে ইউরোপের সফলতম ক্লাবটিতে সময় বেশ উপভোগ করছেন কার্লো আনচেলত্তি। তাই এখনই অবসর নিয়ে ভাবছেন না তিনি। আরও অনেক বছর রেয়ালে কাটতে চান ইতালিয়ান এই কোচ।
প্রায় এক বছর ধরে লা লিগায় ম্যাচ হারেনি রেয়াল। স্পেনের শীর্ষ প্রতিযোগিতায় তাদের সবশেষ পরাজয় ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর, আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলে। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ হার গত জানুয়ারিতে, কোপ দেল রের শেষ ষোলোয় সেই আতলেতিকোর বিপক্ষেই ৪-২ গোলে।
দুর্দান্ত পারফরম্যান্সে গত মৌসুমে রেয়াল জিতে নেয় লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। দুটি শিরোপা ধরে রাখার অভিযানে এবারও ভালো অবস্থায় আছে দলটি। লিগে ৬ ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান দ্বিতীয়। আর ইউরোপ সেরার মঞ্চে স্টুটগার্টকে ৩-১ গোলে হারিয়ে যাত্রা শুরু করেছে তারা।
লিগ ম্যাচে মঙ্গলবার আলাভেসের মুখোমুখি হবে রেয়াল। স্প্যানিশ ক্লাবটির কোচ হিসেবে এটি হবে আনচেলত্তির ৩০০তম ম্যাচ। এ নিয়ে দ্বিতীয় দফায় দলটিতে কোচের দায়িত্ব পালন করছেন তিনি। ২০১৩ থেকে ২০১৫ প্রথম দফায় ১১৯ ম্যাচে রেয়ালের ডাগআউটে ছিলেন এই ইতালিয়ান কোচ।
সেই ১৯৯২ সাল থেকে শুরু দীর্ঘ কোচিং ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে সোমবার ৬৫ বছর বয়সী আনচেলত্তিকে প্রশ্ন করা হয় সংবাদ সম্মেলনে। উত্তরে তিনি বলেন, এখনই বিদায় বলার ভাবনা নেই তার।
“আমি আমার ভবিষ্যৎ নিয়ে একদমই ভাবছি না, আমি এই কাজটি ভালোবাসি। দুর্দান্ত ক্লাবগুলোতে কোচিং করাতে পেরে নিজেকে যথেষ্ট ভাগ্যবান মনে করি আমি। আগামীকাল বিশ্বের সেরা ক্লাবে আমার ৩০০তম ম্যাচ হবে। এই ডাগআউটে থাকাটা বিশেষ কিছু। ৩০০বার ডাগআউটে থাকা অলৌকিক কিছু নয়, তবে অলৌকিকের মতোই।”
“অবশ্যই, আমার ক্লান্তির সঙ্গে খেলোয়াড়দের ক্লান্তির তুলনা করতে পারবেন না। এখানে চাপ আছে, দায়িত্ব আছে, কিন্তু আমি এটা ভালোবাসি। এই মুহূর্তে আমার মেয়াদ শেষ হওয়ার তারিখ দেখতে পাচ্ছি না, আগামী অনেক বছর এখানে থাকতে চাই আমি।”
আনচেলত্তির কোচিংয়ে লা লিগায় ৩৮ ম্যাচ অপরাজিত রেয়াল। এই প্রতিযোগিতায় বার্সেলোনার ৪৩ ম্যাচের (২০১৭ এপ্রিল থেকে ২০১৮ মে) অপরাজেয় পথচলার রেকর্ড ভাঙার সুযোগ তাদের সামনে। এসব নিয়ে অবশ্য ভাবছেন না আনচেলত্তি।
চোটজর্জর দল নিয়ে যেভাবে পারফরম্যান্স করে যাচ্ছে রেয়াল, তাতে বেশ সন্তুষ্ট তিনি। প্রশংসা করলেন দলের খেলোয়াড়দের ঘুরে দাঁড়ানোর মনোবল ও দৃঢ়তার।
“কিছু রেকর্ড জয়ের জন্য, আর কিছু না হারার জন্য। আমরা বেশ লম্বা একটা সময় ধরে অপরাজিত, এর অর্থ অনেক সাফল্য, কারণ ড্র প্রায়ই আপনাকে অনেক সাহায্য করে।”
“আমি মনে করি, ফুটবলে আপনি যদি জিততে না পারেন, অন্তত হারবেন না। মাঝে মধ্যে একটি ড্র পরাজয়ের চেয়ে ভালো অনুভূতি দেয়। পরাজয় উন্নতির পথ করে দেয়, এটা সত্যি। কিন্তু অতীতে চ্যাম্পিয়ন্স লিগের সাফল্য, আমরা যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করি, সেটা আমাদের দৃঢ়তার ওপর নিহিত।”
