২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০৩০ বিশ্বকাপেও খেলার আশা কেইনের

২০২৬ বিশ্বকাপকে নিজের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট মনে করছেন না ইংল্যান্ডের রেকর্ড স্কোরার।

২০৩০ বিশ্বকাপেও খেলার আশা কেইনের
লন্ডনে নিজের ভাস্কর্যের পাশে হ্যারি কেইন

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2024, 11:10 PM

Updated : 10 Sep 2026, 12:23 PM

হ্যারি কেইনের বয়স এখন ৩১ বছর। শীর্ষ পর্যায়ের ফুটবলে আরও কয়েক বছর নিশ্চিতভাবেই দেখা যাবে তাকে। ২০২৬ বিশ্বকাপকে নিজের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট মনে করেন না তিনি। এমনকি ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনাও উড়িয়ে দেননি ইংল্যান্ডের রেকর্ড স্কোরার।

জাতীয় দলের জার্সিতে ১০৩ ম্যাচে কেইনের গোল ৬৯টি।

উয়েফা নেশন্স লিগে রোববার রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে ৫-০ ব্যবধানের জয়ে দলের প্রথম গোলটি করেন তিনি। এর আগে বৃহস্পতিবার গ্রিসের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে তাকে বেঞ্চে রাখেন ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলি। ২০২৪ ইউরোতে তার পারফরম্যান্স নিয়ে হয়েছিল সমালোচনা।

লন্ডনে সোমবার নিজের একটি ভাস্কর্য উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়ার্ন মিউনিখের এই তারকা।  

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপ ইংল্যান্ডের জার্সিতে তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট কি-না, এমন প্রশ্নে কেইন বলেন, ‘আমি তা মনে করি না।’ 

“কেউ ৩০ বছরে পা দেওয়ার পরই মনে করা হয়, তার ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে। কিন্তু আমার মনে হয়, আমি সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করছি এবং ভালো অনুভব করছি… আমি খুব বেশি সামনে তাকাতে পছন্দ করি না এবং কখনই তা করিনি, (২০২৬) বিশ্বকাপ রোমাঞ্চকর হবে।”