২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের ড্রয়ে থাকবে বয়কটের হুমকি দেওয়া ইরান

এখন পর্যন্ত ইরানের দুই জনের যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ড্রয়ে অংশ নেওয়া নিশ্চিত হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2025, 07:29 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

ভিসা ইস‍্যুতে ক্ষোভে বয়কটের হুমকি দিলেও শেষ পর্যন্ত ২০২৬ বিশ্বকাপ ড্রয়ে থাকবে ইরানের একটি প্রতিনিধি দল। 

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপের ড্রয়ে অংশ নিতে ইরানের ৯ জন ভিসার জন‍্য আবেদন করেন। এর মধ‍্যে চার জন ভিসা পান। না পাওয়া পাঁচ জনের মধ‍্যে আছেন ইরান ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) সভাপতি মেহদি তাজ।

কদিন আগে তাজ বলেছিলেন, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে তিনি বলেছেন, সবাইকে ভিসা না দেওয়া হলে ইরানের কেউ ড্রয়ে অংশ নেবে না। 

তবে ইরানের ক্রীড়া মন্ত্রী আহমাদ ডনজামালি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে জানিয়েছেন, তাদের প্রধান কোচ আমির গালেনোই ড্র অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তার সঙ্গে এফএফআইআরআইয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান ওমিদ জামালি এবং আরও কয়েকজন প্রতিনিধি থাকতে পারেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টায় শুরু হবে ড্র।

কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে ২০২৬ বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র। সপ্তম ও টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলবে ইরান। অনেক বছর ধরেই রাজনৈতিক ও নিরাপত্তার কারণে ইরানিদের জন‍্য যুক্তরাষ্ট্রের ভিসানীতি খুবই কঠোর। 

গত জুনে নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে এক নির্বাহী আদেশে ১২ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ওই তালিকায় আছে ইরান। তবে বিশ্বকাপ ও ২০২৮ সালের লস অ‍্যাঞ্জেলস অলিম্পিকসের জন‍্য অ‍্যাথলেট ও কোচিং স্টাফরা ওই নির্বাহী আদেশের বাইরে থাকবেন।