১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

লেভান্তেকে সহজেই হারিয়ে চূড়ায় বার্সেলোনা

টানা দুই ম্যাচে হারের পর জয় পেয়েছে হান্সি ফ্লিকের দল।

লেভান্তেকে সহজেই হারিয়ে চূড়ায় বার্সেলোনা
ম্যাচের শুরুতে দলকে এগিয়ে নেওয়ার পর ইয়ামালের সঙ্গে মার্ক বের্নালের উদযাপন। ছবি: রয়র্টাস

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2026, 11:34 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

রেয়াল মাদ্রিদের হারে পাওয়া সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছে বার্সেলোনা। অবনমন অঞ্চলের দল লেভান্তেকে সহজেই হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় চূড়ায় ফিরেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। 

কাম্প নউয়ে রোববার বিকালে ৩-০ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। সব ধরনের প্রতিযোগিতায় তিন ম্যাচের মধ্যে এটাই তাদের প্রথম জয়। 

শুরুতেই মার্ক বের্নাল বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর, প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেংকি ডি ইয়ং। বদলি নামার কিছুক্ষণ পর ব্যবধান আরও বাড়ান ফের্মিন লোপেস। 

২৫ ম্যাচে ২০ জয় ও এক ড্রয়ে ৬১ পয়েন্ট নিয়ে চূড়ায় বার্সেলোনা। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে আগের দিন ওসাসুনার বিপক্ষে হেরে যাওয়া রেয়াল।

কোপা দেল রেতে আতলেতিকো মাদ্রিদ ও লা লিগায় জিরোনার বিপক্ষে হারের পর, খেলোয়াড়দের অনেক বিষয়ে উন্নতির তাগিদ দিয়েছিলেন ফ্লিক। কিছু ব্যাপারে উন্নতির ছাপ রাখতে পেরেছেন খেলোয়াড়রা। 

প্রায় ৭৩ শতাংশ সময় বল দখলে রেখে ২২টি শট নেয় বার্সেলোনা, এর নয়টি ছিল লক্ষ্যে। অন্যদিকে প্রতি আক্রমণে দারুণ কিছু সুযোগ তৈরি করা লেভান্তে পাঁচ শটের দুটি রাখতে পারে লক্ষ্যে। 

প্রতিপক্ষের মাঠে ২০ সেকেন্ডের মধ্যে এগিয়ে যেতে পারত লেভান্তে! এরিক গার্সিয়াকে কাটিয়ে সামনে কেবল গোলরক্ষককে পান কার্লোস আলভারেস। কিন্তু হোয়ান গার্সিয়া বরাবর দুর্বল শট নিয়ে দলকে হতাশ করেন তিনি। 

তৃতীয় মিনিটে প্রথম সুযোগ পায় বার্সেলোনা। জোয়াও কানসেলোর ক্রসে বিপজ্জনক জায়গা থেকে শট ক্রসবারের ওপর দিয়ে মারেন জুল কুন্দে।

পরের মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। এরিক গার্সিয়ার ক্রসে স্লাইড করে ঠিকানা খুঁজে নেন তরুণ মিডফিল্ডার বের্নাল। 

অষ্টম মিনিটে গোলের দুটি দারুণ সুযোগ হাতছাড়া করে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। খুব কাছ থেকে রাফিনিয়ার শট কোনোমতে ফেরান লেভান্তে গোলরক্ষক। ফিরতি বলে রবের্ত লেভানদোভস্কির শট মাটিতে বাউন্স করে ক্রসবারের ওপর দিয়ে যায়। 

পঞ্চদশ মিনিটে ইয়ন ওলাসাগাস্তির শট এগিয়ে এসে ঠেকান হোয়ান গার্সিয়া। সমতা ফেরানোর দারুণ সুযোগ হাতছাড়া হয় লেভান্তের। 

২৩তম মিনিটে লামিনে ইয়ামালের বাঁকানো শট একটুর জন্য লক্ষ্যে থাকেনি। চার মিনিট পর কানসেলোর ক্রসে পা ছোঁয়াতে পারেননি লেভানদোভস্কি, বল ফেরে পোস্টে লেগে। 

৩২তম মিনিটে কানসেলোর চমৎকার ক্রসে ছুটে গিয়ে দারুণ ভলিতে জাল খুঁজে নেন ফ্রেংকি ডি ইয়ং। চলতি মৌসুমে এটাই তারকা মিডফিল্ডারের ক্লাবের হয়ে প্রথম গোল। 

৩৬তম মিনিটে লেভান্তের কারিম তুন্দে ডি বক্সের বাইরে থেকে গতিময় শট একটুর জন্য লক্ষ্যে রাখতে পারেননি। তিন মিনিট পর ইয়ামালের বাঁকানো শট ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায়।

দ্বিতীয়ার্ধের প্রথম সাত মিনিটে গোলের জন্য তিনটি শট নেয় বার্সেলোনা। এর কোনোটিই লক্ষ্যে থাকেনি, তবে খুব দূরেও ছিল না। 

৫৬তম মিনিটে একটুর জন্য সুযোগ কাজে লাগাতে পারেননি বার্সেলোনা ডিফেন্ডার জেরার্দ মার্তিন। ছুটে গেলেও কানসেলোর ক্রসে অল্পের জন্য পা ছোঁয়াতে পারেননি তিনি। 

তুমুল করতালির মধ্যে ৬৬তম মিনিটে মাঠে নামেন চোট কাটিয়ে ফেরা পেদ্রি। তার সঙ্গেই বদলি নামেন ফের্মিন লোপেস ও ফেররান তরেস। মাঠ ছাড়েন বের্নাল, ওলমো ও লেভানদোভস্কি। 

৮১তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে ফেলেন লোপেস। কর্নারের পর ইয়ামালের কাছ থেকে বল পেয়ে গতিময় শটে জাল খুঁজে নেন তিনি। পোস্টে লেগে ভেতরে যাওয়া বল ঠেকানোর কোনো সুযোগই ছিল না লেভান্তে গোলরক্ষকের। 

৮৯তম মিনিটে তার দৃঢ়তায় বাড়েনি ব্যবধান। রাফিনিয়ার হেড ফেরানোর পর, খুব কাছ থেকে লোপেসের শটও ব্যর্থ করে দেন তিনি।  

এরপর আর তেমন কোনো সুযোগ পাননি কেউ।