বাংলাদেশ কোচের মতে, ভুটানের বিপক্ষে হবে ‘ধৈর্যের লড়াই’
গ্রুপ পর্বে ১৭ গোল করা ভুটানের আক্রমণভাগ নয়, তাদের রক্ষণাত্মক কৌশল নিয়ে ভাবতে বসেছেন বাংলাদেশ জাতীয় নারী দলের কোচ পিটার জেমস বাটলার।
উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসরে সর্বোচ্চ ১৭টি গোল দেওয়া দল দুটি। একটি স্বাগতিক নেপাল, অন্যটি ভুটান। এই ভুটানের বিপক্ষে প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ড্রয়ের পর দাপট দেখিয়ে যদিও ভারতকে হারিয়েছেন সাবিনা-আফিদারা; তবে তাদের কোচ পিটার জেমস বাটলারের মনে হচ্ছে, ভুটানের বিপক্ষে ‘ধৈর্যের পরীক্ষা’ দিতে হবে দলকে।
নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে রোববার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দল। এই প্রথম গ্রুপ পর্বে অপরাজিত থেকে সেমি-ফাইনালের মঞ্চে উঠেছে ভুটান, প্রথমবারের মতো ফাইনাল খেলার হাতছানি তাদের সামনে। আর বাংলাদেশ এসেছে মুকুট ধরে রাখার স্বপ্ন নিয়ে।
এবারের আসরে এই দুই দলের যাত্রা শুরু অবশ্য ভিন্নরকম। গতবারের রানার্সআপ স্বাগতিক নেপালকে গোলশূন্য ড্রয়ে রুখে চমকে দেয় ভুটান। শ্রীলঙ্কাকে ৪-১ গোলে হারানোর পর তারা মালদ্বীপকে উড়িয়ে দেয় ১৩-০ ব্যবধানে।
গ্রুপ পর্বে মাত্র ১ গোল হজম করা ভুটান তিনটি ম্যাচই খেলে রক্ষণ জমাট রেখে। সবচেয়ে বেশি রক্ষণাত্মক ছিল নেপালের বিপক্ষে ম্যাচে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাথে আলাপচারিতায় বাংলাদেশ কোচ বাটলার বললেন, ভুটানের রক্ষণ সাবিনাদের ফেলতে পারে কঠিন পরীক্ষায়।
“আমি তাদের দুটি ম্যাচ দেখেছি। তারা শারীরিকভাবে দীর্ঘকায় এবং শক্তিনির্ভর দল, যারা ১০ জন মিলে অনেক নিচে নেমে রক্ষণ সামলায়। তারা উচ্চাভিলাষী হয়ে উপরে উঠে আসবে না বা আক্রমণাত্মক ফুটবল খেলবে না এবং আমাদের প্রতি-আক্রমণে ঘায়েল করতে চাইবে। এটা তাই আমাদের জন্য হবে ধৈর্যের পরীক্ষা দেওয়ার ম্যাচ।”
মালদ্বীপের বিপক্ষে ভুটানের মুড়িমুড়কির মতো গোল পাওয়া ম্যাচে ডেকি লাহজম করেন পাঁচটি। এ মুহূর্তে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে নেপালের রেখা পোডেলের সমান (৭টি) গোল এই ফরোয়ার্ডের। তারপরও ভুটানের আক্রমণভাগ নিয়ে খুব একটা চিন্তিত নন বাংলাদেশ কোচ।
“ভীষণ দূর্বল প্রতিপক্ষ (মালদ্বীপ), যারা নেপালের বিপক্ষে ১১ গোল খেয়েছে, এই ম্যাচগুলো দিয়ে আপনি কিছু বুঝতে পারবেন না। ওদের বিপক্ষে আমাদের মূল লড়াইটা হবে ওদের রক্ষণভাগের সাথে আমাদের আক্রমণভাগের।”
চলতি আসরে বাংলাদেশ গ্রুপ পর্বে খেলা দুই ম্যাচে গোল দিয়েছে ৪টি, হজম করেছে ২টি। তহুরা খাতুন করেছেন ২টি গোল। একবার করে জালের দেখা পেয়েছেন শামসুন্নাহার জুনিয়র ও আফিদা খন্দকার। অবশ্য এই পরিসংখ্যানে আক্রমণের অনুপাতে গোল নেই, ফলে আক্রমণভাগের উজ্জ্বলতাও প্রকাশ পাচ্ছে না সেভাবে।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে একের পর এক আক্রমণ শাণিয়ে হতাশ হওয়া বাংলাদেশ শেষ পর্যন্ত গোল পায় দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে। রক্ষণের গভীরে নেমে শামসুন্নাহার-সাবিনাদের আটকে রাখার কৌশল নিয়ে প্রায় সফল হওয়ার পথেই ছিল পাকিস্তান। ভুটান ম্যাচে তাই ফরোয়ার্ডদের আরও সৃষ্টিশীল হওয়ার পরামর্শ দিলেন বাটলার।
“অবশ্যই আমাদেরকে আরও স্মার্ট ও সৃষ্টিশীল হতে হবে। সে জন্য আমাদের একটা পরিকল্পনা আছে। তবে, হ্যাঁ, ভুটানকে শ্রদ্ধাও করতে হবে, তাদেরকে মোটেও হালকাভাবে নেওয়া যাবে না।”
