এমবাপের মাঠে ফেরার অপেক্ষায় রেয়াল মাদ্রিদ
অসুস্থতা কাটিয়ে কবে মাঠে ফিরতে পারবেন তারকা ফরোয়ার্ড, ধারণা দিলেন কোচ শাবি আলোন্সো।
প্রথম ম্যাচ ড্রয়ের পর জয়টা এখন খুবই জরুরি রেয়াল মাদ্রিদের জন্য। কিন্তু জয়ের জন্য যাকে প্রয়োজন, তাকে ফিরে পেতে আরেকটু অপেক্ষা করতেই হচ্ছে তাদেরকে। পাচুকার বিপক্ষে ম্যাচেও খেলতে পারবেন না কিলিয়ান এমবাপে। কোচ শাবি আলোন্সোর আশা, গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামতে পারেন এই ফরোয়ার্ড।
ক্লাব বিশ্বকাপে রেয়াল মাদ্রিদের প্রথম ম্যাচে জ্বরের কারণে খেলতে পারেননি এমবাপে। জ্বরের সঙ্গে গ্যাসের সমস্যায় মায়ামির একটি হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল ২৬ বছর বয়সী তারকাকে। পরে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। কিন্তু এখনও মাঠে নামার মতো সুস্থ হতে পারেননি।
রেয়ালের দ্বিতীয় ম্যাচ মেক্সিকোর ক্লাব পাচুকার সঙ্গে নর্থ ক্যারালাইনার শার্লটে। দলের সঙ্গে সেখানে যাননি এমবাপে। রয়ে গেছেন তিনি মায়ামির টিম হোটেলেই।
পাচুকার বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কোচ শাবি আলোন্সো ধারণা দিলেন, কবে মাঠে দেখা যেতে পারে তার আক্রমণভাগের মূল অস্ত্রকে।
“সে এখন আগের চেয়ে ভালো আছে। দুই দিন আগে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। প্রতিদিনই একটু একটু করে সে সেরে উঠছে এবং আমরা আশাবাদী, গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাকে আমরা পাব।”
এমবাপের অনুপস্থিতিতে প্রথম ম্যাচে আল-হিলালের বিপক্ষে গন্সালো গার্সিয়াকে বেছে নেন কোচ আলোন্সো। ২১ বছর বয়সী ফরোয়ার্ড কোচের আস্থার প্রতিদান দেন গোল করে। তবে রেয়াল ম্যাচটি জিততে পারেনি। খেলা ড্র হয় ১-১ গোলে।
পাচুকার বিপক্ষে রেয়ালের ম্যাচটি রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়।
