১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দোরিয়েলতনের জোড়া গোল, রাকিবের তিন অ্যাসিস্ট

তাদের নৈপুণ্যে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে বড় ব্যবধানে জিতেছে বসুন্ধরা কিংস।

দোরিয়েলতনের জোড়া গোল, রাকিবের তিন অ্যাসিস্ট
সতীর্থদের সাথে দোরিয়েলতন গোমেস নাসিমেন্তোর (মাঝে) গোল উদযাপন। ছবি: বসুন্ধরা কিংস ফেইসবুক

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2025, 04:48 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

ডান দিক দিয়ে আক্রমণের ঝড় তুললেন রাকিব হোসেন। ব্রাদার্স ইউনিয়নের রক্ষণ কাঁপিয়ে দিয়েও তিনি অবশ্য পেলেন না জালের দেখা, তবে ‘অ্যাসিস্ট’ করলেন তিনটি। বড় জয়ে বাংলাদেশ ফুটবল লিগে অজেয়যাত্রা ধরে রাখল বসুন্ধরা কিংস।

মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শুক্রবার ব্রাদার্সকে ৫-১ ব্যবধানে হারিয়েছে কিংস। জোড়া গোল করেন দোরিয়েলতন গোমেস নাসিমেন্তো। বাকি তিন গোলদাতা ফয়সাল আহমেদ ফাহিম, ইমানুয়েল সানডে ও সোহেল রানা জুনিয়র।

পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও শক্ত করেছে কিংস। চলমান লিগে দ্বিতীয় হারের তেতো স্বাদ পাওয়া ব্রাদার্স ৭ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।

গোলকিপার ইশাক আলি আর রক্ষণের দৃঢ়তায় শুরুতে পোস্ট ভালোভাবেই আগলে রাখে ব্রাদার্স। কিংস প্রথম ভালো সুযোগ পায় ৩৩তম মিনিটে। মাঝমাঠ থেকে একটু সময় নিয়ে লং পাস বাড়ান কিংস অধিনায়ক তপু বর্মন। দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে বল পেয়েও গিয়েছিলেন দোরিয়েলতন, কিন্তু তাড়াহুড়ো করে ঠিকঠাক শট নিতে পারেননি এই ফরোয়ার্ড।

৯ মিনিট পর ডান দিকের বাইলাইনের একটু ওপর থেকে বক্সে ক্রস বাড়ান রাকিব, লাফিয়ে হেডে কিংসকে এগিয়ে নেন দোরিয়েলতন। 

প্রথমার্ধের যোগ করা সময়ে তালগোল পাকিয়ে নেপালি ডিফেন্ডার আরিক বিস্তা বল হারান দোরিয়েলতনের কাছে। কিছুটা এগিয়ে বক্সে ঢুকে এই ব্রাজিলিয়ানের নেওয়া শট ইসাক দারুণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে আটকালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি শটে খুঁজে নেন জাল ফাহিম।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাদার্সকে আরও কোণঠাসা করে ফেলে কিংস। এক ডিফেন্ডারকে কাটিয়ে ডান দিক দিয়ে বক্সে ঢুকে, বাইলাইনের একটু উপর থেকে কাট ব্যাক করেন রাকিব, নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন সানডে।

৫৪তম মিনিটে আবারও গোল হজম করে ব্রাদার্স। এবারও নেপথ্যের কারিগর রাকিব। দোরিয়েলতনের থ্রু পাস ধরে একটু ছুটে বক্সে ঢুকে কাটব্যাক করেন এই ফরোয়ার্ড, সোহেল রানা জুনিয়রের শটে তেমন গতি না থাকলেও বল এক ডিফেন্ডারের গায়ে লেগে কিছুটা দিক পাল্টে জালে জড়ায়।

৭৭তম মিনিটে শাহরিয়ার ইমনের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন দোরিয়েলতন। 

শেষ দিকে জামাল ভূঁইয়ার কর্নারে মোজাম্মেল হোসেন নীরার হেডে সান্ত্বনার গোল পায় ব্রাদার্স।