২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আতলেতিকোয় গ্যালাঘার-আলভারেসের আরও সময় প্রয়োজন’

স্প্যানিশ ক্লাবটির কোচ দিয়েগো সিমেওনের মতে, নতুন জায়গায় মানিয়ে নিলেই নিজেদের সেরাটা দিতে পারবেন এই দুইজন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2024, 05:41 PM

Updated : 26 Aug 2026, 10:20 AM

আতলেতিকো মাদ্রিদের জার্সিতে অভিষেক ম্যাচে প্রত্যাশা অনুযায়ী নিজেকে মেলে ধরতে পারেননি কনর গ্যালাঘার। জিরোনার বিপক্ষে ম্যাচটিতে আলো ছড়াতে পারেননি হুলিয়ান আলভারেসও। তাতে অবশ্য একেবারেই চিন্তিত নন দলটির কোচ দিয়েগো সিমেওনে। তার মতে, স্প্যানিশ ফুটবলে মানিয়ে নিতে আরেকটু সময়ের প্রয়োজন এই দুই ফুটবলারের।

চেলসি থেকে পাঁচ বছরের চুক্তিতে আতলেতিকোয় যোগ দিয়েছেন গ্যালাঘার। আর ম্যানচেস্টার সিটি ছেড়ে ছয় বছরের জন্য লা লিগার ক্লাবটিতে এসেছেন আলভারেস। 

লা লিগায় জিরোনার বিপক্ষে রোববার দলের ৩-০ গোলে জেতা ম্যাচের শুরুর একাদশে ছিলেন আলভারসে। সিটির হয়ে গত প্রিমিয়ার লিগে ১১ গোল করা এই ফুটবলারকে ৮১ মিনিট খেলান কোচ সিমেওনে। সেন্টার-ফরোয়ার্ড হিসেবে খেলে জালের দেখা পাননি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী খেলোয়াড়। 

আতলেতিকোর জার্সিতে দুই ম্যাচ খেলে এখনও গোলের খাতা খুলতে পারেননি আলভারেস। ভিয়ারিয়ালের সঙ্গে গত সপ্তাহে ২-২ ড্র ড্রয়ে আসর শুরু হয় দলটির, ওই ম্যাচে অভিষেক হয় তার। 

আর গ্যালাঘার ৫৮তম মিনিটে বদলি হিসেবে নামেন। প্রচুর প্রাণশক্তি সম্পন্ন এই ইংলিশ মিডফিল্ডারও নিজের সেরা রূপে ছিলেন না এদিন। তবে তাদের দুইজনেরই প্রশংসা করেন আতলেতিকো কোচ।

ইংলিশ ফুটবলে খেলে আসা গ্যালাঘার ও আলভারেস এখনও নতুন ঠিকানায় মানিয়ে নিতে পারেননি, বুঝতে পারছেন আতলেতিকো কোচ। সিমেওনের বিশ্বাস, সময় গড়ালেই নিজেদের সেরাটা দিতে পারবেন এই দুই ফুটবলার।

“অনেক প্রাণশক্তি নিয়ে এসেছে গ্যালাঘার। তার কাছ থেকে আমরা এটাই পাব। প্রতিপক্ষ ও সতীর্থদের সঙ্গে অভ্যস্ত হতে তার কিছুটা সময় প্রয়োজন। তার মধ্যে উদ্যম ও আবেগ রয়েছে, আমাদের তাকে সাহায্য করতে হবে যাতে তার তাড়না দলের জন্য ইতিবাচক হয়।”

“হুলিয়ানের সামর্থ্য সম্পর্কে আমরা জানি। সে আমাদের কী দিতে পারে, সেটা সম্পর্কেও অবগত। সেন্টার ফরোয়ার্ড, সেকেন্ড ফরোয়ার্ড বা উইঙ্গার হিসেবে আমরা তার দক্ষতা কাজে লাগানোর চেষ্টা করব। আমরা নিশ্চিত, বর্তমান ও ভবিষ্যতের জন্য আমরা অবিশ্বাস্য এক খেলোয়াড় পেয়েছি।”

আতলেতিকোর পরের ম্যাচ আগামী মঙ্গলবার, এস্পানিওলের বিপক্ষে।