১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হারের মুখ থেকে ম্যানচেস্টার সিটির নাটকীয় জয়

পেপ গুয়ার্দিওলা যুগ-পরবর্তী সময়ে নতুন কোচ এন্টসো মারেস্কার হাত ধরে প্রথম জয়ের দেখা পেল সিটি।

হারের মুখ থেকে ম্যানচেস্টার সিটির নাটকীয় জয়
জয় দিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2026, 12:12 AM

Updated : 16 Sep 2026, 05:11 PM

কোনোকিছুতেই কিছু হচ্ছিল না। বোর্নমাউথের  বিপক্ষে চোখ রাঙাচ্ছিল হার। সেই সময়ে দলকে পথ দেখালেন মার্ক গেয়ি। আর যোগ করা সময়ে দারুণ এক গোলে ব্যবধান গড়ে দিলেন ইয়োশকো ভার্দিওল। জয়ের হাসিতে প্রিমিয়ার লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি।

ইতিহাদ স্টেডিয়ামে রোববার ম্যাচটি ২-১ গোলে জিতেছে স্বাগতিকরা। 

পেপ গুয়ার্দিওলা যুগ-পরবর্তী সময়ে নতুন কোচ এন্টসো মারেস্কার হাত ধরে প্রথম জয়ের দেখা পেল সিটি। গত রোববার তার কোচিংয়ে প্রথম ম্যাচে এফএ কমিউনিটি শিল্ডে আর্সেনালের বিপক্ষে হেরে যায় দলটি।

গত আসরে শেষের আগের রাউন্ডে বোর্নমাউথের মাঠে আর্লিং হলান্ডের শেষ মুহূর্তের গোলে কোনোমতে ১-১ ড্র করেছিল সিটি। এবার অনেকটা একইভাবে জয় তুলে নিল তারা।

ম্যাচের চতুর্থ মিনিটে দারুণ একটা সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি সিটি। হলান্ডের পাস পেয়ে ফোডেন ব্যাকহিল করেন রিকো লুইসের উদ্দেশে, তবে ভালো পজিশন থেকে এই রাইট-ব্যাক জোরাল শটটি নেন গোলরক্ষক বরাবর।

অধিকাংশ সময় বল দখলে রেখে খেললেও, প্রতিপক্ষকে তেমন একটা ভাবাতে পারছিল না সিটি। এর মাঝেই ২৬তম মিনিটে পিছিয়ে পড়ে তারা। পাল্টা আক্রমণে ডান দিক থেকে সতীর্থের দারুণ পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে, অনায়াসে প্লেসিং শটে জালে জড়ান ইংলিশ উইঙ্গার ট্যাভার্নার।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে সেরা সুযোগটি মিস করেন মার্ক গেয়ি। এলিয়ট অ্যান্ডারসনের কর্নারে বল দূরের পোস্টে ফাঁকায় পেয়ে যান তিনি, গোলরক্ষক আগেই অন্যদিকে সরে যান; কিন্তু ফাঁকা জাল পেয়েও অবিশ্বাস্যভাবে লক্ষ্যভ্রষ্ট হেড করেন এই ইংলিশ ডিফেন্ডার।

৭২তম মিনিটে ডি-বক্সে সতীর্থের ছোট পাস পেয়ে, এক প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখে শট লক্ষ্যে রাখতে পারেননি হলান্ড। তিন মিনিট পর আবার ছয় গজ বক্সের একটু বাইরে বল পান নরওয়ের তারকা; তবে এবার যথেষ্ট জোরে শট নিতে পারেননি তিনি। দ্বিতীয় প্রচেষ্টায় বল গ্লাভসে জমান পেত্রোভিচ।

৮৪তম মিনিটে অনেকটা একইরকম সুযোগ পেয়ে আর ব্যর্থ হননি গেয়ি। বদলি নামা রায়ান শের্কির কর্নারে ফাঁকায় বল পেয়ে জোরাল হেড করেন তিনি, এবং বল সামনের একজনের মাথায় লেগে ঠিকানা খুঁজে নেয়।

যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলেও জড়িয়ে শের্কির নাম। ফরাসি এই অ্যাটাকিং মিডফিল্ডার দুজনের চ্যালেঞ্জ সামলে ডি-বক্সে পাস বাড়ান, আর প্রথম ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন ক্রোয়াট ডিফেন্ডার ভার্দিওল।

নিউক্যাসলের মাঠে নাটকীয়ভাবে হার এড়াল লিভারপুল