২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০২৭ পর্যন্ত ইউনাইটেডে ফের্নান্দেস

ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটির সঙ্গে চুক্তি আরও এক বছর বাড়িয়েছেন পর্তুগিজ তারকা মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2024, 07:35 PM

Updated : 26 Aug 2026, 10:16 AM

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পথচলা আরও দীর্ঘ হচ্ছে ব্রুনো ফের্নান্দেসের। ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটির সঙ্গে চুক্তি আরও এক বছর বাড়িয়েছেন পর্তুগালের তারকা মিডফিল্ডার।

অধিনায়কের সঙ্গে নতুন চুক্তি করার কথা বৃহস্পতিবার নিশ্চিত করেছে ইউনাইটেড। আগামী ২০২৭ সালের জুন পর্যন্ত দলটির সঙ্গে সঙ্গে থাকবেন ফের্নান্দেস। চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

আগের থেকেই ২০২৬ সাল পর্যন্ত ইউনাইটেডের সঙ্গে চুক্তি ছিল ফের্নান্দেসের। ২০২২ সালে এই চুক্তি করেছিলেন তিনি। এবার আরও লম্বা হলো তাদের সম্পর্ক।

২০২০ সালে স্পোর্তিং সিপি থেকে ইউনাইটেডে আনুষ্ঠানিকভাবে যোগ দেন ফের্নান্দেস। সময়ের সঙ্গে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। এখন ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির নেতৃত্বভারও তার কাঁধে।

সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের হয়ে এখন পর্যন্ত ২৩৪ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। ৭৯ গোল করার পাশাপাশি ৬৭ গোলে করেছেন অ্যাসিস্ট। এখনও প্রিমিয়ার লিগ জয়ের স্বাদ পাননি। তবে লিগ কাপ ও এফএ কাপ জয়ের অভিজ্ঞতা আছে তার।

গত মৌসুমে লিগে অষ্টম হওয়া ইউনাইটেড শুক্রবার ফুলহ্যামের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে নতুন পথচলা।