গোলকিপারের গোল এবারই প্রথম দেখলেন না রেয়াল মাদ্রিদ কোচ
তুমুল নাটকীয় ম্যাচে শেষ মুহূর্তে গোলকিপারের গোলে বেনফিকার কাছে ৪-২ গোলে হারার পর পরাজয়ের সবটুকু দায় নিলেন রেয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া।
পেনাল্টি ছাড়া গোলকিপারের গোল ফুটবলে খুব বেশি দেখা যায় না। শেষ সময়ে গোলকিপারের গোলে দলের ভাগ্য গড়ে দেওয়ার ব্যাপারটি তো আরও বিরল। তবে আলভারো আরবেলোয়ার জন্য ব্যাপারটি নতুন নয়। রেয়াল মাদ্রিদ কোচ জানালেন, গোলকিপারের গোল তার বিপক্ষে হয়েছে আগেও।
চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রেয়াল মাদ্রিদের বিপক্ষে তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে ৩-২ গোলে জয়ের পথে ছিল বেনফিকা। কিন্তু তার পরও তারা ছিল ছিটকে পড়ার কিনারায়। গোল ব্যবধানে টিকে থাকার জন্য আরও একটি গোল তাদের প্রয়োজন ছিল।
৯০ মিনিট শেষে যোগ করা সময়ের অষ্টম মিনিটে অবিশ্বাস্যভাবে ধরা দেয় সেই গোলটি। শেষ সময়ে মরিয়া চেষ্টায় গোলকিপারসহ দলের সবাই রেয়ালের বক্সে উঠে আসেন। ফ্রি কিক থেকে হেডে গোল করেন গোলকিপার আনাতোলি ত্রুবিন।
ম্যাচ শুরুর আগে পয়েন্ট তালিকার তিনে থাকা রেয়াল ছিটকে পড়ে সেরা আটের বাইরে। সরাসরি নকআউট খেলার দুয়ারে থেকে তারা নেমে যায় প্লে-অফে।
শেষের সেই নাটকীয়তা সবাইকে নাড়িয়ে দিলেও রেয়ালের কোচ আরবেলোয়ার জন্য সেটি বড় বিস্ময় হয়ে আসেনি।
“এবারই প্রথম নয় যে গোলকিপার আমার বিপক্ষে গোল করল। তাদের ঝুঁকি নেওয়া জরুরি ছিল। আমরা তখন ৯ জনের দলে পরিণত হয়েছি। আমাদেরও গোল করতে হতো। ওরা ঝুঁকি নিয়েছে এবং সফল হয়েছে।”
শাবি আলোন্সোর বিদায়ের পর আরবেলোয়ার দায়িত্বে প্রথম ম্যাচে কোপা দেল রেতে দ্বিতীয় বিভাগের দল আলবাসেতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল রেয়াল। সেই ম্যাচের পর কোচ যেমনটি বলেছিলেন, এবারও সব দায় তিনি নিলেন নিজের কাঁধে।
“এই পরাজয়ের দায় আমার, ঠিক আলবাসেতের বিপক্ষে ম্যাচের মতোই। কোনোকিছু যখন ভালোভাবে হয় না, সবকিছুর দায় অবশ্যই আমার। তবে আমরা এখনও চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়িনি। দুটি ম্যাচ আছে। সেই দুটি ম্যাচেই থাকবে আমাদের মনোযোগ।”
শেষ দিকে রেয়ালের কাজ কঠিন হয়ে ওঠে রাউল আসেন্সিও ও রদ্রিগো লাল কার্ড দেখায়। রেফারির আরও সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে। তবে এতটা বাজে খেলার দিনে রেফারির দিকে আঙুল তুলতে চাইলেন না কোচ।
“আজকের দিনটিতে রেফারিকে নিয়ে কথা বলতে চাই না। যে ধরনের পারফরম্যান্স আমরা করেছি, সেটার দায় আমার। তার চেয়ে মন্তব্য না করাই ভালো।”
