বাঁচা-মরার লড়াইয়ে যে পরিকল্পনা গুয়ার্দিওলার
কঠিন লড়াইয়ের সামনে দাঁড়িয়ে আবেগকে সরিয়ে বাস্তবতার নিরিখে কাজ করতে চান দলটির কোচ পেপ গুয়ার্দিওলা।
আড়াই মাসের এলোমেলো পথচলায় ম্যানচেস্টার সিটির সবকিছুই ভেস্তে যেতে বসেছে। তারকায় ঠাসা শক্তিশালী দল নিয়েও চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্ব থেকে ছিটকে পড়ায় শঙ্কায় পড়ে গেছে তারা। বাঁচা-মরার লড়াইয়ের সামনে দাঁড়িয়ে আবেগ সরিয়ে বাস্তবতার নিরিখে কাজ করতে চান দলটির কোচ পেপ গুয়ার্দিওলা।
ইউরোপ সেরার মঞ্চে এবার শুরুটা ভালোই করেছিল সিটি। ইন্টার মিলানের সঙ্গে ড্রয়ের পরের দুটি ম্যাচ জিতেছিল তারা। কিন্তু এরপর চারটি ম্যাচের একটিও জিততে পারেনি; তিনটিতে পরাজয়ের পাশে একটি ড্র।
৮ পয়েন্ট নিয়ে টেবিলের ২৫ নম্বরে আছে ২০২২-২৩ আসরের চ্যাম্পিয়নরা। পয়েন্ট তালিকার শীর্ষ আট দল সরাসরি জায়গা করে নেবে শেষ ষোলোয়। আর নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে শেষ ষোলোর বাকি আট দলের মধ্যে জায়গা করে নিতে।
আসছে ম্যাচে তাই জিততে ব্যর্থ হলে ইউরোপ সেরার মঞ্চে শেষ হয়ে যাবে সিটির যাত্রা। টিকে থাকার লক্ষ্যে বুধবার ঘরের মাঠে ক্লাব ব্রুজের বিপক্ষে লড়বে গুয়ার্দিওলার দল।
মাঠে নামার আগে খেলোয়াড়দের উৎসাহিত করতে কী বলবেন গুয়ার্দিওলা?- সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে কোচ বললেন এ বিষয়ে ভাবছেন না তিনি।
“আমি এসব ভাবছি না। ভাবছি, ম্যাচের পরিকল্পনা কী হবে। ক্লাব ব্রুজ মাঠে কেমন আচরণ করবে। আজ আমি আবেগকে প্রশ্রয় দিতে চাই না, দেখা যাক আগামীকাল কী হয়। মাথায় কী আসে, দেখা যাক। (ম্যাচের আগে) কখনও আমি কথা বলি, কখনও বলি না।”
ম্যাচের শুরুটা দাপুটে করতে চান গুয়ার্দিওলা। কিন্তু প্রতিপক্ষ হয়তো সেটা হতে দেবে না, সেটাও বুঝতে পারছেন তিনি।
“আমরা প্রথম ২০ মিনিটে অনেক গোল করতে চাই; কিন্তু আমার মনে হয় না সেটা হবে। আজকের লক্ষ্য ম্যাচটি (প্রতিপক্ষ) সম্পর্কে ধারণা নেওয়া, বুঝতে পারা এবং আগামীকাল আমরা জানি, চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ জিততে আমাদের বিশেষ কিছু করতে হবে।”
“সহজ কথা, জিততে না পারলে আমরা ছিটকে যাব, আর জিতলে এগিয়ে যাব। (চ্যাম্পিয়ন্স লিগে) এই ধরনের ম্যাচ খেলতেই হয়। অবশ্য এটা সাধারণত টুর্নামেন্টের পরের ধাপে হয়, এই পর্যায়ে নয়। তবে আমরা জানি, এখনই কেন আমরা এই অবস্থানে। আমরা সাম্প্রতিক সময়ে ভালো খেলিনি এবং আমার ক্যারিয়ারে এই ধরনের অনেক ম্যাচের মুখোমুখি হয়েছি আমি।”
বেলজিয়ামের ক্লাব ক্লাব ব্রুজ অবশ্য বেশ ভালো অবস্থানে আছে। তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে ২০ নম্বরে আছে তারা। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দেও আছে দলটি। তিন মাসের বেশি সময় ধরে অপরাজিত দলটির বিপক্ষে ভালো করতে সমর্থকদের পাশে চাইলেন গুয়ার্দিওলা।
“সমর্থকদের সমর্থন আমাদের প্রয়োজন হবে, কারণ তারা (সব প্রতিযোগিতা মিলিয়ে) ২০ ম্যাচ ধরে হারেনি, তারা ধারাবাহিক, মজবুত। তারা আগ্রাসী ফুটবল খেলে একং প্রতিপক্ষকে তেমন সুযোগ দেয় না।”
তবে, প্রতিপক্ষকে নিয়ে সতর্ক হলেও জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী গুয়ার্দিওলা।
“আমি জানি, অনেকে ভাবছেন যে আমরা প্রথম পরের ধাপে যেতে পারব কিনা। আমার মনে হয়, আমরা পারব।”
