২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিটির একাডেমি খেলোয়াড়দের প্রতিভায় মুগ্ধ গুয়ার্দিওলা

স্প্যানিশ কোচের চোখে যুব দলের কিছু খেলোয়াড় ‘অবিশ্বাস্য'।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2023, 11:03 PM

Updated : 26 Jul 2023, 11:07 PM

প্রাক-মৌসুম প্রস্তুতিতে ম্যানচেস্টার সিটির একাডেমির খেলোয়াড়দের বাজিয়ে দেখছেন পেপ গুয়ার্দিওলা। বায়ার্ন মিউনিখের বিপক্ষে তাদের কয়েকজনের খেলা বেশ মনে ধরেছে তার। এখনও মূল দলে না থাকা এই খেলোয়াড়দের প্রতিভায় মুগ্ধ এই স্প্যানিশ কোচ। 

জাপানের টোকিওতে বুধবারের ম্যাচে ২-১ গোলে জেতে ইংলিশ চ্যাম্পিয়নরা। 

সিটির হয়ে প্রথম গোলটি করেন ২০ বছর বয়সী মিডফিল্ডার জেমস ম্যাকটি। ভালো পারফরম্যান্স দেখান ১৮ বছর বয়সী ডিফেন্ডার রিকো লুইস। দুজনই সিটির একাডেমিতে খেলেন। 

ম্যাচের পর ক্লাবের ওয়েবসাইটে সিটির একাডেমি থেকে উঠে আসা খেলোয়াড়দের প্রশংসা করেন গুয়ার্দিওলা। 

“যারা (যুব দলের) দায়িত্বে আছেন এবং যেসব খেলোয়াড়দের আনা হয়েছে সবাই অসাধারণ। নতুন প্রজন্ম উঠে আসছে এবং তারা আমাকে বলেছে এই খেলোয়াড়রা সত্যিই ভালো। তিন বা চার জন ব্যতিক্রমী খেলোয়াড় আছে।” 

জাপান সফরে প্রথম ম্যাচে ইয়োকোহামা এফ মারিনোসকে ৫-৩ গোলে হারায় সিটি। 

প্রাক-মৌসুম প্রস্তুতিতে সিটির পরের ম্যাচ আগামী রোববার, আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। ম্যাচটি হবে দক্ষিণ কোরিয়ার সিউলে। এরপর আগামী ৬ অগাস্ট কমিউনিটি শিল্ডে আর্সেনালের বিপক্ষে খেলবে গুয়ার্দিওলার দল।