২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পিএসজিকে বলিনি, আমাকে রিয়ালের কাছে বেচে দাও’, বললেন এমবাপে

চুক্তির মেয়াদ আর বাড়াবেন না, স্রেফ এটুকু নিশ্চিত করতে চিঠি দিয়েছিলেন বলে জানিয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2023, 05:57 PM

Updated : 14 Jun 2023, 06:28 PM

রিয়াল মাদ্রিদে যেতে চান কিলিয়ান এমবাপে-এমন গুঞ্জন অনেকবার উঠেছে। যদিও তা সত্যি হয়নি কখনও। পিএসজির সঙ্গে তিনি আর চুক্তি নবায়ন করবেন না, তার এমন সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর আবার শুরু হয়েছে পুরনো সেই আলোচনা। তবে ফরাসি ফরোয়ার্ড জানালেন, মৌসুম শেষে তাকে রিয়ালের কাছে বিক্রি করে দেওয়ার দাবি তিনি কখনই তোলেননি।

পিএসজিতে নিজের ভবিষ্যৎ ভাবনা এরই মধ্যে পরিষ্কার করে দিয়েছেন এমবাপে। বর্তমান চুক্তির মেয়াদ ফুরাবে ২০২৪ সালের জুনে। এই চুক্তি তিনি নবায়ন করবেন না। মানে, নতুন চ্যালেঞ্জের সন্ধানে বের হবেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এ সিদ্ধান্ত কিছুদিন আগে পিএসজিকে চিঠি দিয়ে জানিয়ে দেন এমবাপে। যদিও সেই চিঠি কর্তৃপক্ষ দেখার আগেই ফাঁস হয়ে যায় গণমাধ্যমে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তৈরি হয় ‘দোটানা’। ‘ভিত্তিহীন’ নানারকম গুঞ্জনও শুরু হয়। সবকিছু পরিষ্কার করতেই এমবাপে এগিয়ে এলেন। বললেন, চুক্তির মেয়াদ আর না বাড়ানোর বিষয়টি পরিষ্কার করতেই কেবল ক্লাব কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছিলেন চিঠি।

ইতালিয়ান সংবাদমাধ্যম লা গাজেত্তা দেল্লো স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে ওই সিদ্ধান্ত, লিওনেল মেসির চলে যাওয়াসহ নানা বিষয়ে কথা বলেন এমবাপে।

রয়টার্স তাদের প্রতিবেদনে লিখেছে, এমবাপে যদি আগেভাগে চুক্তি না বাড়ানোর ক্লজটি সক্রিয় না করতেন, তাহলে চুক্তির মেয়াদ আরও এক বছর বেড়ে যেত নিয়ম অনুযায়ী। এমবাপেও ওই সাক্ষাৎকারে বিষয়টি পরিষ্কার করেছেন।

“আমি তাদেরকে আমাকে বেচে দিতেও বলিনি, রিয়াল মাদ্রিদে যেতে দিতেও বলিনি। আমি শুধু নিশ্চিত করেছি যে, আমি আরও এক বছর চুক্তির মেয়াদ বাড়াতে চাই না। পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে কখনই আমরা কথা বলিনি, কিন্তু এখানে আমি খুশি মনেই পরের মৌসুম থাকতে চাই।”

২০১৭ সালে ধারে মোনাকো থেকে আসার পর চুক্তি অনুযায়ী পরের বছর তাকে ১৮ কোটি ইউরোতে কিনে নেয় লিগ ওয়ানের দলটি। এখন ২০২৩-২৪ মৌসুম শেষে এমবাপে ‘ফ্রি এজেন্ট’ হয়ে চলে গেলে আর্থিকভাবে বড় অঙ্কের ক্ষতি হবে পিএসজির।

দীর্ঘদিন ধরেই এমবাপেকে দলে ভেড়াতে চাইছে রিয়াল। গত মৌসুমেও দুই পক্ষের আলোচনা এগিয়েছিল অনেক দূর। কিন্তু গত বছর মে মাসে চুক্তি নবায়ন করে পিএসজিতে থেকে যান ২০১৮ বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।