২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধে স্থগিত হওয়া এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হবে জেদ্দায়

টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল ও ফাইনালও হবে সৌদি আরবের জেদ্দায়।

যুদ্ধে স্থগিত হওয়া এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হবে জেদ্দায়
ছবি: এএফসি ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2026, 06:01 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের প্রভাবে স্থগিত হওয়া এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটের চারটি ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। আগামী মাসে এক লেগ করে ম্যাচগুলো হবে সৌদি আরবের জেদ্দায়।

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) মঙ্গলবার নতুন সূচিতে ম্যাচগুলো আয়োজনের ঘোষণা দেয়।

গত মাসের শেষ দিনে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা শুরু করে ইরান। দুই পক্ষের মধ্যে সংঘাত এখনও চলমান।

হোম ও অ্যাওয়ে ভিত্তিতে শেষ ষোলোর ম্যাচগুলো মূলত মার্চের প্রথম দুই সপ্তাহে কাতার, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু যুদ্ধাবস্থায় পরে সেগুলো স্থগিত করে দেয় এএফসি।

শেষ ষোলোয় শিরোপাধারী আল-আহলি কাতারের আল-দুহাইলের মুখোমুখি হবে। আর চারবারের চ্যাম্পিয়ন আল-হিলাল খেলবে আল-সাদের বিপক্ষে। আরব আমিরাতের শাবাব আল-আহলি খেলবে ইরানের ট্রাক্টর এফসির বিপক্ষে এবং আল-ওয়াহদা লড়বে সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন আল-ইত্তিহাদের সঙ্গে।

আগামী ১৩ ও ১৪ এপ্রিল ম্যাচগুলো মাঠে গড়াবে। জেদ্দায় ১৬ থেকে ২৫ এপ্রিল টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল ও ফাইনালও অনুষ্ঠিত হবে।

শেষ আটের ড্র আগামী বুধবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে।