১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জার্মান ফুটবল ছেড়ে রোমায় হুমেলস

ক্লাব ফুটবলে এবারই প্রথম জার্মানির বাইরে খেলবেন অভিজ্ঞ এই সেন্টার-ব্যাক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2024, 04:36 PM

Updated : 26 Aug 2026, 10:25 AM

বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক অভিজ্ঞ ডিফেন্ডার মাটস হুমলেসকে দলে টেনেছে রোমা। ফ্রি ট্রান্সফারে এই জার্মান ফুটবলারকে চুক্তিভুক্ত করার খবর বুধবার নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাবটি।

জার্মান ক্লাবটির সঙ্গে এই গ্রীষ্মে চুক্তির মেয়াদ শেষ হয় হুমেলসের। তারপর থেকে ক্লাববিহীন ছিলেন তিনি। এবার নতুন ঠিকানা হলো ৩৫ বছর বয়সী এই সেন্টার-ব্যাকের।

রোমার বিবৃতিতে চুক্তির বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে গণমাধ্যমের খবর, ২৫ লাখ ইউরো চুক্তিতে এক বছর সেরি আর দলে খেলবেন হুমেলস।

বায়ার্ন মিউনিখের একাডেমিতে বেড়ে ওঠা হুমেলস ক্যারিয়ারের বেশিরভাগ সময় কাটিয়েছেন ডর্টমুন্ডে। দুই মেয়াদে দলটির হয়ে ১৩ মৌসুমে ৫০৮ ম্যাচ খেলেছেন তিনি।

ডর্টমুন্ডের ২০১০ ও ২০১১ সালে বুন্ডেসলিগা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হুমেলস ২০১৬ সালে ফিরে যান বায়ার্নে। সেখানে তিন মৌসুম খেলে, অনেক শিরোপা জয়ের পর আবার ২০১৯ সালে ডর্টমুন্ডে পাড়ি জমান তিনি।

ডর্টমুন্ডে শেষ মৌসুমেও দলের খুব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হুমেলস। ২০২৩-২৪ মৌসুমে দলটির চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ওঠায় তার অবদান অনেক। ওয়েম্বলির ফাইনালে অবশ্য রেয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে যায় তার দল। 

জার্মানির হয়ে মোট ৭৪টি ম্যাচ খেলেছেন হুমেলস, ছিলেন ২০১৪ বিশ্বকাপ জয়ী দলে। তবে এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের জার্মানি স্কোয়াডে জায়গা হয়নি তার।

ক্লাব ফুটবলে এবারই প্রথম জার্মানির বাইরে খেলবেন হুমেলস। এই মৌসুমে শুরুটা অবশ্য ভালো হয়নি তার নতুন দল রোমার; সেরি আয় তিন ম্যাচ খেলে মাত্র দুই পয়েন্ট পেয়েছে তারা।