২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাসিকোর আগে বার্সেলোনার ডি ইয়ংয়ের অসুস্থতার খবর

সকালে মাঠে এলেও অসুস্থ বোধ করায় অনুশীলন শুরু হওয়ার আগে বাড়ি ফিরে যান এই ডাচ মিডফিল্ডার।

ক্লাসিকোর আগে বার্সেলোনার ডি ইয়ংয়ের অসুস্থতার খবর
বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2025, 07:44 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

ক্লাসিকোর দুই দিন আগে বার্সেলোনা শিবিরে দুঃসংবাদ। অসুস্থতার কারণে বৃহস্পতিবার ফ্রেঙ্কি ডি ইয়ং দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি।

স্প্যানিশ ক্রীড়া পত্রিকা স্পোর্তের খবর, ডাচ এই ফুটবলার অনুশীলনের জন্য সকালে মাঠে গিয়েছিলেন ঠিকই; কিন্তু অসুস্থ বোধ করায় অনুশীলন শুরুর আগেই ফিরে যান।

সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার লা লিগার ম্যাচে রেয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। মহাগুরুত্বপূর্ণ ম্যাচটির আগে ডি ইয়ংয়ের অসুস্থতার খবর কোচ হান্সি ফ্লিকের জন্য নিঃসন্দেহে দুশ্চিন্তার। কারণ চোটের কারণে ম্যাচটি থেকে আগেই ছিটকে গেছেন হোয়ান গার্সিয়া, রবের্ত লেভানদোভস্কি, গাভি ও দানি ওলমো।

কাতালান ক্লাবটির দুর্ভাবনার জায়গা আছে আরও একটি। গত সোমবার অসুস্থতার কারণে অনুশীলন করতে পারেননি আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনও। পরে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অলিম্পিয়াকোসের বিপক্ষে খেলতে পারেননি ডেনমার্কের এই ডিফেন্ডার।

গণমাধ্যমের খবর, এখনও দলের অনুশীলনে যোগ দেননি ২৯ বছর বয়সী এই সেন্টার-ব্যাক।