২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভুটানের ক্লাবে এবার খেলতে গেলেন রিপা

ভুটানের রয়েল থিম্পু কলেজ ফুটবল ক্লাবের হয়ে এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলবেন বাংলাদেশের এই ফরোয়ার্ড।

ভুটানের ক্লাবে এবার খেলতে গেলেন রিপা
শাহেদা আক্তার রিপা। ছবি: রিপার ফেইসবুক

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2025, 04:59 PM

Updated : 26 Aug 2026, 01:32 PM

সাবিনা-ঋতুপর্ণা-মনিকাদের পথ ধরে এবারের দেশের বাইরের ক্লাবে খেলতে গেলেন শাহেদা আক্তার রিপা। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের এই ফরোয়ার্ড ভুটানের রয়েল থিম্পু কলেজ ফুটবল ক্লাবের হয়ে এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলবেন।

প্রথমবারের মতো দেশের বাইরে খেলতে রিপা শুক্রবার রওনা দিয়েছেন ভুটানের উদ্দেশে। বিমানে ওঠার আগে ছবি তিনি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে।

এ নিয়ে ভুটানের লিগে অংশ নেওয়া বাংলাদেশের নারী ফুটবলারের সংখ্যা দাঁড়াল ১৩ জন।

প্রথম দফায় সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া ভুটানের লিগে খেলতে দেশটিতে যান; তারা সবাই খেলছেন পারো এফসির হয়ে। এরপর তাদের সাথে যোগ দেন মারিয়া মান্দা, সানজিদা খাতুন, মাসুরা পারভীন, রুপনা চাকমা ও শামসুন্নাহার সিনিয়র।

সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার সিনিয়র খেলছেন থিম্পু সিটির হয়ে এবং মাসুরা ও টানা দুই উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে সেরা গোলকিপারের পুরস্কার জেতা রুপনা ও কৃষ্ণা খেলছেন ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে।

কদিন আগে তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়রও ভুটানের ক্লাবে যোগ দেন। দুজনে ভুটানের উইমেন’স লিগের দল রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলছেন।