আলপির হ্যাটট্রিকে টানা দ্বিতীয় জয় রাজশাহীর
দিনের অন্য ম্যাচে সদ্যপুস্করনী যুব স্পোর্টিং ক্লাব ও ঢাকা রেঞ্জার্স জয় পেয়েছে।
কিক অফের পর গোলকিপারের ভুলের সুযোগ কাজে লাগালেন আলপি আক্তার। পরে আরও দুইবার জালের বল জড়িয়ে হ্যাটট্রিক পূরণ করলেন তিনি। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিকে হারিয়ে উইমেন’স ফুটবল লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিল রাজশাহী স্টার্স ফুটবল ক্লাব।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বুধবার রাজশাহীর ৪-০ ব্যবধানের জয়ে অন্য গোলটি আফঈদা খন্দকারের।
দিনের অন্য ম্যাচে সদ্যপুস্করনী যুব স্পোর্টিং ক্লাব ও ঢাকা রেঞ্জার্স জয় পেয়েছে। মিম ইসলাম ও পায়েল রানীর হ্যাটট্রিকে সদ্যপুস্করনী ৯-০ গোলে কাচারিপাড়া একাদশকে, কল্পনা আক্তারের পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে ঢাকা রেঞ্জার্স সিরাজ স্মৃতি সংসদকে হারিয়েছে।
গোলকিপার মেঘলা রানী রায়ের অভাবনীয় ভুলে তৃতীয় মিনিটে গোল হজম করে বিকেএসপি। মাঝমাঠ থেকে উড়ে আসা বল ক্লিয়ার করতে পোস্ট ছেড়ে বেরিয়ে এসে শটও নেন মেঘলা, কিন্তু বলের সাথে বুটের সংযোগ হয়নি। সুযোগে বল পেয়ে সহজেই জাল খুঁজে নেন আলপি।
৬২তম মিনিটে আবারও জালের দেখা পান আলপি। সতীর্থের লব অফসাইডের ফাঁদ ভেঙে বেরিয়ে হেডে একটু এগিয়ে নিয়ে নিখুঁত শটে গোলরক্ষকের পাশ দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
একটু পর আফঈদা খন্দকারের দূরপাল্লার শট গোলকিপারের গ্লাভস গলে বেরিয়ে পেরিয়ে যায় গোললাইন। ৭১তম মিনিটে নিচু শটে লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক পূরণ করেন আলপি। তাতে টানা দ্বিতীয় জয় নিশ্চিত হয় নাসরিন একাডেমিকে ১২-০ গোলে উড়িয়ে লিগ শুরু করা রাজশাহীর।
