২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোমের এমবাপে দেখে মুগ্ধ আসল এমবাপে, ‘দ্যাটস মি…পারফেক্ট… হ্যান্ডসাম’

লন্ডনের বিখ্যাত মাদাম তুসোর তারকারাজিতে এখন জ্বলজ্বল করবে কিলিয়ান এমবাপে নামের তারা।

মোমের এমবাপে দেখে মুগ্ধ আসল এমবাপে, ‘দ্যাটস মি…পারফেক্ট… হ্যান্ডসাম’
কে আসল, কোনটি মোমের? ছবি:ভিডিও থেকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2025, 01:37 PM

Updated : 10 Sep 2026, 12:37 PM

দরজা ঠেলে ভেতরে ঢুকে নিজেকে দেখেই চমকে গেলেন কিলিয়ান এমবাপে। তার চোখেমুখে খেলে গেল আনন্দময় বিস্ময়। রেয়াল মাদ্রিদের ফরাসি তারকার মুখ ফুটে অস্ফুটে বেরিয়ে এলো, ‘ওহ… ওয়াও…!’

নিজেকে দেখে মানে নিজের মূর্তি দেখে। মোমের মূর্তি। লন্ডনের বিখ্যাত মাদাম তুসো জাদুঘরের তারকারাজির আকাশে এখন জ্বলজ্বল করবে এমবাপে নামক তারা। 

আগামী ২০ এপ্রিল ইস্টার সানডে থেকে এমবাপের মোমের মূর্তিও প্রদর্শনী হবে মাদাম তুসোয়। 

মোমের এমবাপেকে দেখতে লন্ডনে আমন্ত্রণ জানানো হয় আসল এমবাপেকে। ২৬ বছর বয়সী তারকার নিজের মূর্তি দেখার একটি ভিডিও প্রকাশ করা হয় জাদুঘরের পক্ষ থেকে। 

ভিডিওতে দেখা যায়, কক্ষে ঢুকে মূর্তিটি দেখেই ভালো লাগায় হাসি ফুটে ওঠে এমবাপের মুখে। কাছে গিয়ে মূর্তির মুখে হাত বুলিয়ে, গায়ে হাত দিয়ে ভালো করে দেখেন তিনি। খুব কাছ থেকে মূর্তির মুখে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাসিমুখে বলেন, ‘দ্যাটস মি…।’

মোমের এমবাপেকে দেখে মুগ্ধ আসল এমবাপে। ছবি: ভিডিও থেকে।

মোমের এমবাপেকে দেখে মুগ্ধ আসল এমবাপে

সম্প্রতি নেশন্স লিগের ম্যাচে যে জার্সি পরে খেলেছে ফ্রান্স দল, সেই জার্সি গায়েই তৈরি করা হয়েছে মোমের এমবাপেকে। ২০১৮ বিশ্বকাপজয়ী তারকা মুগ্ধ হয়ে বলতে থাকেন, “(ফ্রান্সের) নতুন জার্সি… এমনকি নতুন বুট…। এটাই আমি… দ্যাটস মি, অসাধারণ… হ্যান্ডসাম! ও মাই গড, আপনারা সবকিছুই দারুণভাবে করেছেন…পারফেক্ট… ইটস রিয়েলি রিয়েলি ফান…ইয়েস, দ্যাটস মি… নিখুঁতভাবে তৈরি করা হয়েছে।”

প্যারিসের গেভাঁ জাদুঘরে এমবাপের মোমের মূর্তি শোভা পাচ্ছে বেশ আগে থেকেই। তবে মাদাম তুসো তো বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পর্যটক আকর্ষণগুলের একটি। এমবাপের আনন্দও তাই বেশি। লন্ডন শহরের প্রতি অনুরাগের কথাও বললেন তিনি। 

“আমার জন্য বড় একটি অর্জন এটি। এই প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানাতে চাই। বিশাল এই মাদাম তুসো পরিবারের অংশ হতে পারা বড় সম্মানের। সত্যিই খুব খুশি আমি, এটি দেখে আরও ভালো লাগছে। সত্যিই দুর্দান্ত। এখানে থাকতে পেরে আমি গর্বিত। আমার জন্য বড় এক দিন।”

“এই শহরে ঘুরতে আমার ভালো লাগে। বিভিন্ন রেস্তোরাঁয় যাওয়া, দেশের ইতিহাসের নানা ছোঁয়া পাওয়া… বিশ্বের সেরা শহরগুলির একটি লন্ডন।”