বিশ্বকাপ বয়কটের কথা ভাবতে বললেন জার্মান ফুটবল কর্মকর্তা
১৯৮০ সালের মস্কো অলিম্পিক বয়কটকে উদাহরণ হিসেবে এনেছেন জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ওকেহ গটলিশ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ডের পর জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) একজন কর্মকর্তা বলেছেন, ২০২৬ বিশ্বকাপ বয়কটের কথা ভাবার সময় এসেছে।
কানাডা ও মেক্সিকোকে নিয়ে চলতি বছর ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট আয়োজন করবে যুক্তরাষ্ট্র। ৪৮ দলের প্রতিযোগিতায় ১০৪ ম্যাচের ৭৮টিই হবে এই দেশটিতে।
চলতি মাসে ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা গ্রিনল্যান্ডের মালিকানা নেওয়ার হুমকি দেন ৭৯ বছর বয়সী ট্রাম্প। এই পরিকল্পনার বিরোধিতা করা জার্মানিসহ আট দেশের ওপর শুল্ক আরোপের হুমকিও দেন তিনি।
এই হুমকি বাস্তবায়ন করেননি ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্র সরকার ও ইউরোপের নেতাদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। এই পরিস্থিতিতে জার্মানির একটি পত্রিকায় ইউরোপীয় নেতাদের বিশ্বকাপ বয়কটের কথা ভাবতে বললেন ডিএফবির সহ-সভাপতি ওকেহ গটলিশ।
“আমি সত্যিই ভাবছি, কখন সময় হবে সুনির্দিষ্টভাবে (বয়কট নিয়ে) ভাবার। আমার মতে, সেই সময় অবশ্যই এসেছে।”
ফ্রান্স সরকার এখনও বয়কটের পক্ষে নয়। ডেনিশ ফুটবল অ্যাসোসিয়েশন বলেছে, তারা ‘বর্তমান স্পর্শকাতর পরিস্থিতি সম্পর্কে সজাগ।’
আপাতত ডেনমার্কের লক্ষ্য প্লে-অফ পেরিয়ে মূল মঞ্চে জায়গা করে নেওয়া।
নিজের যুক্তির পক্ষে বলতে গিয়ে গটলিশ ১৯৮০ সালের মস্কো অলিম্পিকের প্রসঙ্গ সামনে আনেন। আফগানিস্তানে সেই সময়ের সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অনেক দেশ সেবারের অলিম্পিক বয়কট করে। গটলিশের, মতে এবার পরিস্থিতি আরও সঙ্গীন।
“১৯৮০তে অলিম্পিক বয়কটের জন্য যুক্তি কী ছিল? আমার মতে, সেই সময়ের চেয়ে সম্ভাব্য হুমকি এখন আরও বড়। আমাদের এই আলোচনা হওয়া প্রয়োজন।”
