২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিনিসিউস ও রুডিগারকে বর্ণবাদী আক্রমণ: এক ব্যক্তির ৮ মাসের জেল

বর্ণবাদী আচরণের জন্য দুই মাসের মধ্যে স্পেনে মোট চার জনকে কারাদণ্ডের শাস্তি দেওয়া হলো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2024, 09:41 PM

Updated : 10 Sep 2026, 12:12 PM

ইন্টারনেটে রেয়াল মাদ্রিদের দুই ফুটবলার ভিনিসিউস জুনিয়র ও আন্টোনিও রুডিগারকে লক্ষ্য করে বর্ণবাদী আক্রমণের দায়ে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে স্পেনের একটি আদালত। তাকে আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

লা লিগা চ্যাম্পিয়নরা বুধবার এক বিবৃতিতে জানায়, স্পেনের ক্রীড়া পত্রিকা মার্কা’র ডিজিটাল সংস্করণের ফোরামে বিভিন্ন ছদ্মনামে বর্ণবাদী আক্রমণের পাশাপাশি রুডিগারের ধর্ম নিয়েও কটূক্তি করেন ওই ব্যক্তি।

কারাদণ্ডের পাশাপাশি ওই ব্যক্তিকে ২০ মাসের জন্য মার্কার ফোরামে অংশগ্রহণ না করার আদেশ দিয়েছে আদালত। বৈষম্যহীন কর্মসূচিতে অংশগ্রহণের শর্তে তার কারাদণ্ডের সাজা স্থগিত করা হয়েছে।

ভালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে গত বছর লা লিগার ম্যাচে ভিনিসিউসকে লক্ষ্য করে বর্ণবাদী আচরণের ঘটনায় গত মাসে দলটির তিন সমর্থককে আট মাসের কারাদণ্ড দেয় স্পেনের আদালত। দেশটিতে ফুটবল স্টেডিয়ামে বর্ণবাদী আক্রমণের জন্য কারাদণ্ডের শাস্তির প্রথম ঘটনা ছিল সেটি। ওই তিন সমর্থককে দুই বছরের জন্য ফুটবল স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞাও দেওয়া হয়।

যদিও স্পেনে সহিংস অপরাধ না করলে দুই বছরের নিচে সাজার ক্ষেত্রে সচরাচর কারাবাস করতে হয় না।

২০১৮ সালে রেয়ালে যোগ দেওয়ার পর থেকে অসংখ্যবার প্রতিপক্ষের সমর্থকদের বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস।