১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাকিস্তানের বিপক্ষে দ্রুত গোলের চেষ্টা থাকবে আমাদের’

উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের গত আসরে পাকিস্তানকে উড়িয়ে দিলেও এবার সতর্ক থাকার কথা বললেন সহ-অধিনায়ক মারিয়া মান্দা।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

কাঠমাণ্ডু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2024, 09:43 AM

Updated : 26 Aug 2026, 10:45 AM

দুই বছর আগের স্মৃতির মাঝেই আছে অনুপ্রেরণা। সেবার উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। সাবিনা-ঋতুপর্নাদের আক্রমণের সুর বেঁধে দিয়েছিলেন মাঝমাঠের নির্ভরতা মারিয়া মান্দা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই এবার মুকুট ধরে রাখার অভিযানে নামবে বাংলাদেশ। বড় ব্যবধানে জয়ই লক্ষ্য, তবে মারিয়া জানালেন, উন্নতি করা পাকিস্তানকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না তারা।

নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে রোববার ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। তাদের বিপক্ষে গতবার হ‍্যাটট্রিক করেছিলেন সাবিনা। জালের দেখা পেয়েছিলেন সিরাত জাহান স্বপ্না, মনিকা চাকমা ও ঋতুপর্না চাকমা; এদের মধ্যে মনিকা ও ঋতুপর্না আছেন বর্তমান দলে।

এবারের সাফে ভারতের বিপক্ষে ৫-২ গোলে হেরে আসর শুরু করা পাকিস্তান ঘুরে দাঁড়াতে থাকবে মরিয়া। বাংলাদেশের বিপক্ষে হারলেই বিদায়ঘণ্টা বেজে যাবে তাদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে সহ-অধিনায়ক মারিয়া বললেন, তাদের লক্ষ‍্যও সেটাই। 

সাফের মুকুট ধরে রাখার প্রস্তুতি কেমন হলো? পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ…

মারিয়া মান্দা: আমাদের প্রথম ম্যাচ পাকিস্তানের সঙ্গে। ভালোভাবেই প্রস্তুতি নিলাম। অনুশীলনের দিনগুলো ভালোভাবেই উপভোগ করলাম। যেগুলো কাজের, সেগুলোই অনুশীলন করেছি। 

সব মিলিয়ে টিম কেমন দেখাচ্ছে? কৃষ্ণা রানী সরকারকে দেখে অসুস্থ মনে হলো…

মারিয়া মান্দা: আমরা সবাই সুস্থ ও ভালো আছি। প্রথম ম্যাচের প্রস্তুতিও ঠিকঠাক নিচ্ছি। আমরা যে জার্নি করে এসেছিলাম, কৃষ্ণা দিদির একটু জ্বর হয়েছিল। ঠাণ্ডা অনেক। তাছাড়া আমরা সবাই সুস্থ আছি।

বাংলাদেশ বর্তমান চ্যাম্পিয়ন, এ কারণে মুকুট ধরে রাখার চাপ অনুভব করছেন কী?

মারিয়া মান্দা: আপনারাও জানেন, আমরাও জানি, এবারের সাফের সবগুলো দলই শক্তিশালী। কোনো দলকেই দুর্বল ভাবা যাবে না। আমরাও সেভাবে প্রস্তুতি নিয়েছি এবং আমাদের লক্ষ্য প্রতিটি ম্যাচেই ভালো করা। ভালো ফল নিয়েই আমরা মাঠ থেকে ফিরব।

গতবার পাকিস্তানকে ৬ গোল দিয়েছিলেন, আপনার কী মনে হয়, এবারও কি পাকিস্তানকে প্রথম ম্যাচেই চেপে ধরা উচিত, যেহেতু গোল পার্থক্য গ্রুপসেরা হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে।

মারিয়া মান্দা: আসলে খেলার পরিস্থিতি অনুযায়ী অনেক সময় অনেক কিছু বদলে যায়। অনেক সময় ভালো দলও হেরে যায়, খারাপ দলও ভালো করে। তবে পাকিস্তান কিন্তু ওইভাবে নরমাল (দুর্বল) দল নয়; শক্তিশালী। আমরা যেমন ভালো ফল পাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি, তারাও প্রস্তুতি নিয়ে এসেছে। তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। আমরা শতভাগ দিয়ে খেলার চেষ্টা করব এবং আগেই (দ্রুতই) ভালো একটা স্কোর (লাইন) বের করার চেষ্টা করব।

২০১৬ সালে শিলিগুঁড়ির সাফে ভারতের সাথে ড্র করে গ্রুপসেরা হয়েছিল বাংলাদেশ; পরে ফাইনালে উঠেছিল, এবারও এমন সমীকরণ দাঁড়াতে পারে…

মারিয়া মান্দা: আসলে সেভাবে যদি সুযোগ পাই, আমরাও চেষ্টা করব ভালো (বেশি) গোল দেওয়ার। সবকিছু নির্ভর করবে খেলার উপর।

ভারত ম্যাচ নিয়ে দলীয় ভাবনা কী?

মারিয়া মান্দা: সব দল নিয়েই আমাদের চিন্তাভাবনা আছে। তবে প্রথম ম্যাচ পাকিস্তানের সাথে। আমরা প্রথম ধাপটা দেখব, তারপর দ্বিতীয় ম্যাচ নিয়ে ভাবব। এখনও বলছি, সব দলই শক্তিশালী, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। ভারতও অনেক শক্তিশালী দল। আমাদের লক্ষ্য থাকবে তাদের বিপক্ষে সেরাটা দিয়ে খেলা। যদি আমরা ভারতকে হারাতে পারি, তাহলে আমরা সেমি-ফাইনালে যাবো। আমাদের লক্ষ্য থাকবে, ভারতের বিপক্ষে ভালো খেলা।

ভারতকে সাফে আপনারাই প্রথম হারিয়েছিলেন, গতবারের সেই জয় আপনাদের কতটুকু আত্মবিশ্বাসী করছে?

মারিয়া মান্দা: আগের তুলনায় এবার প্রতিটি দলই প্রস্তুতি নিয়েছে। সবাই প্রতিটি ম্যাচ জিততে চাইবে। তো আগের ম্যাচের সাথে এগুলোর মিল করছি না, গতবার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, ফাইনালে ওঠার পথে ওদের (ভারত) হারিয়েছিলাম। এবার তারাও চাইবে সেমি-ফাইনালে যেতে, আমাদেরও একই লক্ষ্য থাকবে। আমাদের চেষ্টা থাকবে তাদের বিপক্ষে ভালো খেলার।