ঘরের মাঠে দুয়ো শুনলে অনেক কষ্ট হয় ভিনিসিউসের
বেশ কিছুদিন ধরেই সান্তিয়াগো বের্নাবেউয়ে স্বাচ্ছন্দ্যে খেলতে পারছেন না রেয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকা।
প্রতিপক্ষের সমর্থকদের থেকে দুয়ো আর কটু কথা প্রায়ই শোনেন ভিনিসিউস জুনিয়র। সেই তেতো অভিজ্ঞতা এখন তার ঘরের মাঠেও হয়, দুয়ো শুনতে হয় রেয়াল মাদ্রিদের সমর্থকদের কাছ থেকেই! ক্লাব সমর্থকদের এমন আচরণ স্বাভাবিকভাবেই অনেক কষ্ট দেয় তাকে।
সান্তিয়াগো বের্নাবেউয়ে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ম্যাচে রেয়াল সমর্থকরা দুয়ো দিয়েছেন ভিনিসিউসকে। দলের ব্যর্থতার জন্য শূলে চড়ানো হয়েছে তাকে। সেসবের জবাব এবার পারফরম্যান্স মাধ্যমে দিয়েছেন এই উইঙ্গার।
চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার নিজ আঙিনায় মোনাকোর বিপক্ষে বল পায়ে দ্যুতি ছড়ান ভিনিসিউস। ৬-১ গোলে জয়ের ম্যাচে নিজে পান জালের দেখা। সঙ্গে তিনটি গোলে রাখেন অবদান।
ম্যাচ সেরার পুরস্কার জয়ী ভিনিসিউস টিএনটি স্পোর্টসে বললেন, ঘরের মাঠে এখন আর আগের মতো স্বাচ্ছন্দ্যে খেলতে পারছেন না তিনি।
“এসব আমাকে খুব কষ্ট দেয়। ঘরের মাঠ যেখানে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, সেখানে দুয়ো শুনতে চাই না। আর গত কয়েকটা ম্যাচে আমি (বের্নাবেউয়ে) স্বাচ্ছন্দ্য বোধ করিনি কারণ যখনই আমি খারাপ খেলেছি, যখনই কিছু ভুল করেছি, তারা দুয়ো দিয়েছে। তাদের অবশ্য এটা করার অধিকার আছে।”
চলতি মৌসুমে লম্বা একটা সময় নিজের ছায়া হয়ে থাকা ভিনিসিউসে ছেড়ে দিতে পারেন রেয়াল, এমন আলোচনাও চলছে স্প্যানিশ ফুটবলে। তবে এসব নিয়ে একদমই ভাবছেন না তিনি।
“আমার চুক্তি নবায়ন নিয়েও (বাইরে) অনেক কথা হচ্ছে, কিন্তু এখনও মেয়াদের এক বছর বাকি। এটা নিয়ে আমরা নির্ভার আছি। সভাপতির (পেরেস) প্রতি আমার আস্থা আছে, তিনিও আমাকে বিশ্বাস করেন। আমাদের মধ্যে সম্পর্ক অনেক ভালো। যথাযথ সময়ে আমরা সব ঠিক করে নেব, তাড়াহুড়া দরকার নেই।”
রেয়ালের সঙ্গে এখনও ১৮ মাসের চুক্তি রয়েছে ভিনিসিউসের।
চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০ ম্যাচে স্রেফ ৭ গোল করেছেন ভিনিসিউস। ১১ গোলে করেছেন অ্যাসিস্ট।
