১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘চ্যাম্পিয়ন’ ভিনিসিউসের উদযাপন নিয়ে প্রশ্ন দোন্নারুম্মার

ভিনিসিউসের মতো একজন চ্যাম্পিয়ন ফুটবলারের উচিত সবার ভালোবাসা আদায় করে নেওয়া, বলছেন জানলুইজি দোন্মারুম্মা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2026, 04:31 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

ভিনিসিউসের মতো একজন ফুটবলারের জায়গা পাওয়া উচিত সবার হৃদয়ে। তাকে ঘিরে কেন এত অভিযোগ, কেন এত বিতর্ক? চলমান প্রসঙ্গটিই তুলে ধরলেন এবার জানলুইজি দোন্নারুম্মা। ম্যানচেস্টার সিটির গোলকিপারের মতে, ভিনিসিউসের উচিত সবার ভালোবাসা আদায় করে নেওয়া।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে ভিনিসিউসের উদযাপন দেখেই প্রশ্নটি করছেন দোন্নারুম্মাকে। ব্রাজিলিয়ান তারকার জোড়া গোলেই মঙ্গলবার দোন্নারুম্মাদেরকে ২-১ গোলে হারায় রেয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় স্প্যানিশ ক্লাবটি পৌঁছে যায় কোয়ার্টার-ফাইনালে।

দ্বিতীয় লেগের দুই গোলের প্রথমটি জন্ম দেয় আলোচনার। গোল করে ঠোঁটের সামনে আঙুল চেপে দর্শকদের চুপ করানোর ইশারা দিয়ে ভিনিসিউস ছুটে যান কর্নার স্ট্যান্ডের দিকে। স্ট্যান্ডের সঙ্গে হেলান দেওয়ার মতো করে দাঁড়িয়ে থাকেন গর্বিত শরীরী ভাষায়। যেন বোঝাতে চাইছিলেন নিজের শ্রেষ্ঠত্ব। এরপর মাঠের মাঝে ফিরে যাওয়ার আগে গ্যালারির দিকে মুখ করে বাচ্চাদের কান্নার মতো ভঙ্গি করেন। 

গত মৌসুমে দুই দলের লড়াইয়ের জের ধরেই ভিনিসিউসের এমন উদযাপন ছিল। গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় ওঠার প্লে-অফে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি ও রেয়াল মাদ্রিদ। প্রথম লেগে সিটির মাঠে বিশাল একটি ব্যানার গ্যালারিতে মেলে ধরেছিলেন সিটির সমর্থকেরা। ব্যালন দ’র ট্রফিতে চুমু এঁকে দেওয়া রদ্রির বিশাল একটি ছবি ছিল সেই ব্যানারে, পাশে লেখা ছিল Stop Crying Your Heart Out। ইঙ্গিতটি ছিল ব্যালন দ’র লড়াইয়ে রদ্রির কাছে হেরে যাওয়া ভিনিসিউসের কাছে। 

সেটির জবাব হিসেবেই এবার তার কান্নার উদযাপন। তার এমন উদযাপন নিশ্চয়ই ম্যানচেস্টার সিটির সমর্থকদের কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছে। অনেকের মনে ক্ষোভের সঞ্চারও করেছে। সেদিক ইঙ্গিত করে দোন্নারুম্মা বলছেন, এমন উদযাপন জরুরি নয় ভিনিসিউসের। 

“সে একজন চ্যাম্পিয়ন এবং সবার ভালোবাসা পাওয়া উচিত তার। আমি তাকে এটি বলেছি।”

“দুর্দান্ত দুটি ম্যাচ খেলেছে সে। কিন্তু আমার মনে হয়, তার মতো একজনের উচিত সবার ভালোবাসা আদায় করে নেওয়া। তার উচিত সবার ভালোবাসা পাওয়ার চেষ্টা করা, কারণ সে একজন চ্যাম্পিয়ন।”

ভিনিসিউস ওই গোলটি করেছিলেন পেনাল্টি থেকে। বের্নার্দো সিলভার হ্যান্ডবল থেকে ওই পেনাল্টি পায় রেয়াল। লাল কার্ড দেখে মাঠও ছাড়তে হয় সিটি অধিনায়ককে। দোন্নারুম্মার মতে, সেটিই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের হতাশা সঙ্গী করে এখন তিনি তাকিয়ে সামনের ম্যাচগুলোয়।

“আমার মনে হয়, লাল কার্ডই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। ফুটবল এমনই, অনেক ঘটনা ঘটে থাকে, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে। সতীর্থদের নিয়ে আমি গর্বিত। দারুণ ম্যাচ খেলেছি আমরা এবং ১১ জনের সঙ্গে ১১ জনের লড়াই হলে অন্যরকম হতে পারত।”

“হতাশা প্রবল কিন্তু দ্রুতই ঘুরে দাঁড়াতে হবে আমাদের, কারণ রোববার কারাবাও কাপের (লিগ কাপ) ফাইনালে ট্রফি ঘরে আনতে হবে আমাদের। জাতীয় দলের খেলাও আছে, ইতালিকে বিশ্বকাপে ফিরিয়ে আনতে হবে।”

লিগ কাপের ফাইনালে দোন্নারুম্মাদের প্রতিপক্ষ আর্সেনাল।