২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুন্ডেসলিগায় গতির ঝড় তুলে আডেইয়েমি এখন বার্সেলোনায়

এই জার্মান ফরোয়ার্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছে কাতালান ক্লাবটি।

বুন্ডেসলিগায় গতির ঝড় তুলে আডেইয়েমি এখন বার্সেলোনায়
বার্সেলোনার জার্সি হাতে কারিম আডেইয়েমি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2026, 08:08 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

নতুন মৌসুমের আগে আক্রমণভাগের শক্তি আরও বাড়িয়েছে বার্সেলোনা। ইংলিশ উইঙ্গার অ্যান্থনি গর্ডনের পর এবার কারিম আডেইয়েমিকে দলে নিয়েছে তারা। জার্মান ফরোয়ার্ডের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে কাতালান ক্লাবটি। 

২৪ বছর বয়সী আডেইয়েমিকে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে দলে নেওয়ার কথা বৃহস্পতিবার জানিয়েছে বার্সেলোনা। ২০৩১ সাল পর্যন্ত এই রাইট উইঙ্গারকে চুক্তিভুক্ত করেছে তারা।

চুক্তির আর্থিক দিক খোলাসা করেনি দুই ক্লাবের কেউই। তবে গণমাধ্যমের খবর, প্রায় দুই কোটি ২০ লাখ ইউরোয় আডেইয়েমিকে দলে নিয়েছে বার্সেলোনা। সঙ্গে পারফরম্যান্সভিত্তিক বাড়তি অর্থও দেওয়া হবে। এছাড়া ভবিষ্যতে আডেইয়েমিকে বার্সেলোনা অন্য ক্লাবে বিক্রি করলে সেটার একটি অংশ পাবে ডর্টমুন্ড- এমন একটি শর্তও রাখা হয়েছে চুক্তিতে।

অস্ট্রিয়ান ক্লাব রেড বুল সালসবুর্গ থেকে ২০২২ সালে ডর্টমুন্ডে যোগ দেন আডেইয়েমি। সব প্রতিযোগিতা মিলিয়ে জার্মানির ক্লাবটির হয়ে ১৪৬ ম্যাচ খেলে ৩৬ গোল করেন তিনি।

ক্ষিপ্র গতির কারণে জার্মান ফুটবলে আলাদা একটা পরিচিতি পেয়েছেন আডেইয়েমি। ২০২২-২৩ মৌসুমে ফ্রাইবুর্কের বিপক্ষে ৫-১ গোলে জেতা ম্যাচে ঘণ্টায় ৩৬.৬৫ কিমি গতিতে দৌড়ান এই ফুটবলার। তখন সেটিই ছিল বুন্ডেসলিগার সর্বোচ্চ গতির রেকর্ড।

হান্সি ফ্লিকের কোচিংয়ে ২০২১ সালে জার্মানির সিনিয়র দলে অভিষেক হয়েছিল আডেইয়েমির। কাম্প নউয়ে আবারও ফ্লিকের সঙ্গে কাজ করবেন তিনি।