২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপাল ম্যাচের আড়ালেও যত ভাবনা ভারত নিয়ে

বারবার শেষ মুহূর্তে গোল হজম করার তেতো অভিজ্ঞতা মনে করিয়ে দিয়ে সতীর্থদের আরও বেশি সতর্ক হতে বললেন বাংলাদেশ অধিনায়ক।

নেপাল ম্যাচের আড়ালেও যত ভাবনা ভারত নিয়ে
নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে বুধবার শেষ দিনের অনুশীলনে ব্যস্ত জামাল-হামজারা। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2025, 10:01 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

দিনভর এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপসের খেলা চলে জাতীয় স্টেডিয়ামে। সন্ধ্যায় তাবু, বোর্ড ও অন্যান্য সরঞ্জাম সরিয়ে নেওয়ার তোড়জোড় চলছিল। এর মধ্যেই স্টেডিয়ামে প্রবেশ করে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। চটজলদি অনুশীলনে নেমেও পড়েন হামজা-শোমিত-জামালরা। এমন আবহেই নেপালের বিপক্ষে ম্যাচের শেষ দিনের প্রস্তুতি চলল ঘণ্টাখানেক। এরপর সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া জানালেন তাদের লক্ষ্য, সেখানেও ঘুরেফিরে এলো ভারত ম্যাচের প্রসঙ্গ।

জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার রাত ৮টায় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। এরপর আগামী মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ের লড়াইয়ে নামবে বাংলাদেশ ও ভারত। একই দিনে বাছাইয়ে মুখোমুখি হবে নেপাল ও মালয়েশিয়া। 

আসছে প্রীতি ম্যাচটি তাই বাংলাদেশ ও নেপালের জন্য বাছাইয়ের প্রস্তুতি সেরে নেওয়ার উপলক্ষ।

বাছাইয়ের ‘সি’ গ্রুপে বাংলাদেশ ও ভারতের মূল লক্ষ্য অবশ্য হতাশার স্রোতে ভেসে গেছে আগেই। দুই দলই ছিটকে গেছে গ্রুপ পর্ব থেকে। এখন অপেক্ষা কেবল শেষটা রাঙানোর। বর্তমানে বাংলাদেশ ২ পয়েন্ট নিয়ে আছে গ্রুপের তৃতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে তলানিতে ভারত। 

দারুণ কিছুর আশা নিয়ে গত মার্চে শিংলয়ে এই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই শুরু করেছিল বাংলাদেশ। গোলশুন্য ড্র হয়েছিল ম্যাচটি। এরপর সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে হারে দল চলে যায় খাদের কিনারে। চতুর্থ রাউন্ডে হংকংয়ের বিপক্ষে ফিরতি লেগের ড্রয়ে শেষ হয়ে যায় বাছাই পেরুনোর স্বপ্ন। 

এখন কেবল শেষটা ভালো করার অপেক্ষায় বাংলাদেশ। এজন্য নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচটি কাবরেরার কাছে পাচ্ছে বাড়তি গুরুত্ব। কেননা এই ম্যাচের জয় যোগাবে ভারত ম্যাচের আত্মবিশ্বাস।

“দল ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। শেষ পর্যন্ত দলের সবাইকে ক্যাম্পে একসাথে পেয়েছি। শোমিত যোগ দিয়েছে, গতকাল যোগ দিয়েছিল হামজা। সবাই প্রস্তুত। চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতির জন্য আমরা কয়েকটা ভালো সেশন পেয়েছি। আগামীকালের ম্যাচের জন্য ভালো প্রস্তুতি নিয়েছি। আমি নিশ্চিত, আমরা যে ম্যাচটাকে প্রাধান্য দিচ্ছি, ১৮ নভেম্বর ভারত ম্যাচের জন্য এটা খুবই ভালো একটা পরীক্ষা হবে।”

“আমাদের জয়ের মানসিকতা থাকতে হবে। গত কয়েকটা ম্যাচ আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম…(কিন্তু জয় মেলেনি), তবে আমাদের জেতার মানসিকতা থাকতে হবে। এটার শুরু আশা করি আগামীকাল নেপালের বিপক্ষে ম্যাচ থেকে হবে।”

ইংল্যান্ড থেকে ফিরে দুদিন দলের সাথে অনুশীলন করেছেন হামজা চৌধুরী। মঙ্গলবার রাতে কানাডা থেকে ঢাকায় এসে সন্ধ্যায় প্রস্তুতি নিয়েছেন শোমিত সোম। ভারত পরীক্ষায় বসার আগে নেপালের বিপক্ষে ম্যাচে বিশেষ করে প্রবাসীদের যতটা সম্ভব ‘ম্যাচ টাইম’ দিতে চেয়েছেন কাবরেরা। পরখ করে নিতে চেয়েছেন, নিজেদের মধ্যে বনিবনা কতটকু হলো, সেটাও। সংবাদ সম্মেলনে অবশ্য এই স্প্যানিশ কোচ বললেন হামজা-শোমিতের খেলানো নিয়ে দেননি কোনো নিশ্চয়তা। 

“প্রস্তুতির জন্য হামজা তুলনামূলকভাবে বেশি সময় পেয়েছে, শোমিত কয়েকদিন আগে ম্যাচ খেলেছে এবং লম্বা ভ্রমণ করে এসেছে। কিন্তু আগামীকাল…আমি মনে করি, আমরা কাল পর্যন্ত অপেক্ষা করতে পারি এবং এরপর তাদের নেপালের বিপক্ষে খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি।”

প্রীতি ম্যাচটি বাংলাদেশের খেলার কথা ছিল আফগানিস্তানের বিপক্ষে। নানা জটিলতায় আফগানরা না আসায় খেলতে হচ্ছে নেপালের বিপক্ষে। হংকং চায়নার বিপক্ষে বাছাইয়ের প্রস্তুতি শাণিয়ে নিতে গত সেপ্টেম্বরে নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিলেন জামাল-মিতুলরা। প্রথম ম্যাচটি গোলশুন্য ড্রয়ের পর নেপালের জেন-জির আন্দোলনে সরকার পতনে দ্বিতীয় ম্যাচটি আর হয়নি। 

নেপাল অবশ্য সে অর্থে বাংলাদেশের অতিথি নয় মোটেও। কিরণ লিম্বু, অনন্ত তামাং, অঞ্জন বিস্তাসহ বর্তমান দলে থাকা আট জন বর্তমানে খেলছেন বাংলাদেশ ফুটবল লিগে! বাংলাদেশ অধিনায়ক জামালের ক্লাব ব্রাদার্স ইউনিয়নে আছে চার জন। জাতীয় স্টেডিয়ামের আঙিনা, এখানকার কন্ডিশন, জামাল-রাকিবদের খেলার ধরন-তাদের জানা। 

জামাল অবশ্য বিষয়টা দেখছেন নিজেদের সুবিধা হিসেবে! অধিনায়ক বরং সতীর্থদের সতর্ক করছেন শেষ মুহূর্তে গোল হজম করার অতীত এড়াতে।

“আমার ক্লাব দলে (নেপালি ফুটবলার) আছে চার জন। এমনকি ক্লাবেও ওদের সাথে থাকি। আমরা ওদের হালকাভাবে নিচ্ছি না। কঠিন প্রতিপক্ষ। ওদের থাকা বরং আমাদের জন্য সুবিধা।”

“এখন তো ম্যাচ ৯০ মিনিটের নয়, আরও পাঁচ-ছয় মিনিট অতিরিক্ত সময় থাকে। আমাদের শেষ মুহূর্তে গোল খাওয়াটা দেখাচ্ছে আমাদের সরাক্ষণই সতর্ক থাকতে হবে। ৯৭ মিনিট খেলা হলে ৯৭ মিনিটই মনোযোগ ধরে রাখতে হবে।”

নেপাল কোচ হরি খাড়কারও আছে বাংলাদেশের বিপক্ষে এবং ঢাকার ক্লাব ফুটবলে খেলার অতীত। অতীত অভিজ্ঞতা থেকেই তিনি বললেন, দুই দলের ম্যাচ সবসময়ই চ্যালেঞ্জিং। হামজাসহ আরও অনেক প্রবাসী যোগ হওয়ায় বাংলাদেশকে সমীহ করলেও খাড়কা মনে করিয়ে দিলেন ফুটবল দলীয় খেলা।

“বাংলাদেশ-নেপাল ম্যাচ সবসময় চ্যালেঞ্জিং। এখন হামজা ও অন্যান্য খেলোয়াড় যোগ হয়েছে, তো বাংলাদেশ পূর্ণাঙ্গ একটা দল। তবে আমরা তাদের নিয়ে ভীত নই। কেননা, ফুটবল একটা দলীয় খেলা। এখানে ব্যক্তিগত নৈপুণ্যের মূল্য আছে, কিন্তু দিন শেষে এটা দলীয় খেলা। আমরা আগামীকালের ম্যাচের জন্য প্রস্তুত।”

“প্রতিপক্ষকে সবসময় আমাদের বিশ্লেষণ করতে হয় এবং সবসময় প্রতিপক্ষের শক্তি, দুর্বলতা নিয়ে ভাবতে হয়। বাংলাদেশকে নিয়েও আমরা সেভাবেই ভেবেছি। দেশের বাইরে খেলার কারণে সে (হামজা) বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে আমাদের খেলোয়াড়রা মানসিকভাবে ভীষণ শক্তিশালী। আমরা কোনো চাপ অনুভব করছি না।”