১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাতীয় সাঁতারে কাজল ও রাফির জোড়া রেকর্ড

মেয়েদের ১০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে রেকর্ড গড়েছে বাংলাদেশ নৌবাহিনী।

জাতীয় সাঁতারে কাজল ও রাফির জোড়া রেকর্ড
জাতীয় সাঁতারের প্রথম দিনে দুটি ইভেন্টে রেকর্ড গড়ে সেরা হয়েছেন সামিউল ইসলাম রাফি। ছবি: সুইমিং ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2025, 08:39 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

জাতীয় সাঁতারের প্রথম দিনে আলো ছড়ালেন কাজল মিয়া ও সামিউল ইসলাম রাফি। দুজনেই গড়েছেন দুটি করে রেকর্ড। 

মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে সোমবার মেয়েদের ১০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে রেকর্ড গড়ে সেরা হয়েছে বাংলাদেশ নৌবাহনী।

২০০ মিটার ফ্রি স্টাইলে ১ মিনিট ৫৫ দশমিক ০৬ সেকেন্ড সময় নিয়ে ২০১৬ সালে মাহফিজুর রহমান সাগরের রেকর্ড ভেঙেছেন কাজল। পরে ২০০ মিটার বাটারফ্লাইয়ে গত বছর নিজের গড়া রেকর্ডই ভেঙেছেন তিনি; এবারের টাইমিং ২ মিনিট ৫ দশমিক ৯৫ সেকেন্ড।

নৌবাহিনী দলে কাজলের সতীর্থ রাফিও গড়েছেন জোড়া রেকর্ড। ৫০ মিটার ব্যাকস্ট্রোকে গত বছর নিজের করা ২৬ দশমিক ৭৯ সেকেন্ডের রেকর্ড এবার ২৬ দশমিক ০৫ সেকেন্ড সময় নিয়ে ভেঙেছেন রাফি। পরে ১০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে নাহিদ, নুর আলম ও আসিফ রাজার সাথে রেকর্ড গড়ে সোনা জিতেছেন তিনি।

মেয়েদের ১০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে ৪ মিনিট ২৫ দশমিক ৫৫ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়ে সোনা জিতেছে নৌবাহিনী। দলের হয়ে সাঁতরেছেন মাইশা, যুথী আক্তার, এ্যানি আক্তার ও সোনিয়া।

প্রতিযোগিতার প্রথম দিন শেষে ১২ ইভেন্টে ৮টি সোনা, ৫টি রুপা ও ৬টি ব্রোঞ্জ পদক নিয়ে দলগত পদক তালিকায় শীর্ষে রয়েছে নৌবাহিনী। ৩টি সোনা, ৬টি রুপা ও ৪টি ব্রোঞ্জ পেয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ সেনাবাহিনী।