শীর্ষ আট নয়, রেয়ালের লক্ষ্য বাকি দুই ম্যাচ জয়
যতটা সম্ভব পয়েন্ট টেবিলে ওপরের দিকে থাকার চেষ্টা করার কথা বললেন রেয়াল মাদ্রিদ কোচ।
পয়েন্ট টেবিলে শীর্ষ আটে থেকে নিজেদের সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় যাওয়ার সম্ভাবনা খুব একটা দেখেন না রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। স্পষ্ট করে বললেন, তাদের লক্ষ্য বাকি দুই ম্যাচ জিতে যতটা সম্ভব টেবিলে ওপরের দিকে থাকা। প্লে-অফ খেলতে হলে, সেটার জন্যও তারা মানসিকভাবে প্রস্তুত বলে জানিয়ে দিলেন তিনি।
ইউরোপ সেরার প্রতিযোগিতায় বুধবার অস্ট্রিয়ান ক্লাব রেড বুল সালসবুর্কের মুখোমুখি হবে রেয়াল। সান্তিয়াগো বের্নাবেউয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
নতুন আঙ্গিকের এবারের আসরের শুরুটা জয় দিয়েই করে গতবারের চ্যাম্পিয়ন রেয়াল। কিন্তু পরের চার ম্যাচের তিনটি হেরে খাদের কিনারায় চলে যায় তারা।
গত মাসে রেয়াল যখন আতালান্তার বিপক্ষে খেলতে নামে, টেবিলে তারা ছিল ২৪ নম্বরে। ম্যাচের আগে আনচেলত্তি বলেছিলেন, শীর্ষ আটের আশা ছেড়ে দিয়েছেন তারা। তবে ম্যাচটি ৩-২ গোলে জেতার পর ইতালিয়ান কোচ বলেন, শীর্ষ আটে থাকার আশা এখনও ছাড়েননি তিনি।
সালসবুর্ক ম্যাচের আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে আনচেলত্তিকে জিজ্ঞেস করা হলো, শীর্ষ আটে থাকা প্রায় অসম্ভব মনে করেন কি-না। ৬৫ বছর বয়সী কোচ তুলে ধরলেন তার ভাবনা।
“আমাদের শীর্ষ আটে ওঠার খুব বেশি সম্ভাবনা নেই। আমাদের বাকি দুই ম্যাচ জিততে হবে। যদি আমাদের প্লে-অফ খেলতে হয়, তাহলে সমস্ত ইচ্ছাশক্তি নিয়ে আমরা খেলব। তখন সূচি আরও বেশি কঠিন হবে, তবে আমরা এতে অভ্যস্ত।”
৬ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে এখন ২০ নম্বরে আছে রেয়াল। ৩৬ দলের আসরে শীর্ষ আট দল সরাসরি যাবে শেষ ষোলোয়। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে শেষ ষোলোর বাকি আট দলের মধ্যে জায়গা করে নিতে।
নিজেদের সবশেষ ম্যাচে লা লিগায় লাস পালমাসের বিপক্ষে প্রথম মিনিটে পিছিয়ে পড়ার পর ৪-১ গোলের দাপুটে জয় তুলে নেয় রেয়াল। সালসবুর্ক ম্যাচেও দলের কাছে তেমন পারফরম্যান্স আশা করেন আনচেলত্তি।
“অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ লিগ পর্ব প্রায় শেষ। আমাদের যতটা সম্ভব পয়েন্ট যোগ করতে হবে। আগামীকালের ম্যাচটি গুরুত্বপূর্ণ। আমরা ভালো খেলার চেষ্টা করব, যেমনটা আমরা লাস পালমাসের বিপক্ষে খেলেছি।”
