২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবস কাবাডির পুরুষ বিভাগে নৌবাহিনী ও নারী বিভাগে পুলিশ চ্যাম্পিয়ন

পুরুষ বিভাগে জমজমাট লড়াইয়ের পর বাংলাদেশ বিমানবাহিনীর বিপক্ষে জিতেছে বাংলাদেশ নৌবাহিনী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2024, 07:34 PM

Updated : 10 Sep 2026, 12:26 PM

বিজয় দিবস কাবাডির দুই বিভাগের ফাইনাল হলো দুই রকম। পুরুষ বিভাগে জমজমাট লড়াইয়ের পর জিতেছে বাংলাদেশ নৌবাহিনী। নারী বিভাগে একপেশে ফাইনালে জিতেছে পুলিশ।

শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে মঙ্গলবার পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ বিমানবাহিনীকে ৩৮-৩৬ পয়েন্টে হারায় নৌবাহিনী। 

শিরোপা জয়ের পাশাপাশি গ্রুপপর্বে বিমানবাহিনীর বিপক্ষে হারের প্রতিশোধও নিল নৌবাহিনী। ফাইনালে প্রথমার্ধে ১২ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায় নৌবাহিনী; বিরতির আগে তাদের সংগ্রহ ছিল ২৬ পয়েন্ট আর বিমানবাহিনীর ১৪।

বিরতির পর কোর্টে ফিরে ম্যাচ জমিয়ে তোলে বিমানবাহিনী। এক পর্যায়ে দুই দলের পয়েন্ট দাঁড়ায় সমান ৩৪ করে। তবে শেষ দিকে ২ পয়েন্ট তুলে ম্যাচ জিতে নেয় নৌবাহিনী।

ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন নৌবাহিনীর তুহিন তরফদার। টুর্নামেন্টের সেরা রেইডার বিমানবাহিনীর মিজান আহমেদ। সেরা ক্যাচার নৌবাহিনীর নাসির উদ্দিন। আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বিমানবাহিনীর দীপায়ন।

নারী বিভাগের ফাইনালে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ। একই ভেন্যুতে শিরোপার লড়াইয়ে পুলিশ ২৬-১৬ পয়েন্টে হারায় বাংলাদেশ আনসার ও ভিডিপিকে। 

ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন পুলিশের ইসরাত জাহান। টুর্নামেন্টের সেরা রেইডার চ্যাম্পিয়ন দলের নবর্শি চাকমা। সেরা ক্যাচার আনসারের স্মৃতি খাতুন আর সেরা খেলোয়াড় হয়েছেন পুলিশের শ্রাবণী মল্লিক।