২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সের বিপক্ষে ৪৩ বছরের খরা কাটাতে সাহসী ফুটবলের বার্তা বেলজিয়াম কোচের

ফরাসিদের বিপক্ষে অতীতের বাজে পারফরম্যান্স থেকেই প্রেরণা খুঁজে পাচ্ছেন বেলজিয়াম কোচ দমিনিকো তেদেস্কো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2024, 11:09 PM

Updated : 26 Aug 2026, 10:39 AM

প্রতিযোগিতামূলক ফুটবলে ফ্রান্সের বিপক্ষে বেলজিয়ামের সবশেষ জয়ের চার দশক পেরিয়ে গেছে। সেই খরা কাটাতে চলতি বছর চার মাসের মধ্যে তৃতীয় সুযোগ পাচ্ছে বেলজিয়াম। দমিনিকো তেদেস্কোর বিশ্বাস, এবার জয় নিয়ে মাঠ ছাড়তে পারবেন তারা। এজন্য তাদের সাহসী ও কার্যকর ফুটবল খেলতে হবে বলে মনে করেন বেলজিয়াম কোচ।

নেশন্স লিগে ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপে সোমবার ঘরের মাঠে ফ্রান্সের বিপক্ষে খেলবে বেলজিয়াম। ব্রাসেলসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায়।

তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চার দলের গ্রুপে শীর্ষে আছে ইতালি। ৬ পয়েন্ট নিয়ে ফ্রান্স দুইয়ে, ৪ পয়েন্ট নিয়ে বেলজিয়াম আছে তিনে। গ্রুপের শীর্ষ দুই দল উঠবে কোয়ার্টার-ফাইনালে।

ফ্রান্সের বিপক্ষে হার ও একই সময়ে ইসরায়েলের বিপক্ষে ইতালির জয় বেলজিয়ামের শেষ আটে ওঠার আশা কার্যত শেষ করে দিতে পারে দুই রাউন্ড বাকি থাকতেই। 

গুরুত্বপূর্ণ লড়াইয়ে নামার আগে রোববার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তেদেস্কো বললেন, জিততে হলে সীমিত সুযোগ পুরোপুরি কাজে লাগাতে হবে তাদের।

“ফ্রান্সের বিপক্ষে আমাদের অবশ্যই সাহসী হতে হবে। আমরা অনেক বেশি সুযোগ পাব না এবং যেগুলো পাব তা কাজে লাগাতে হবে। আমরা পুরো ৯০ মিনিট তাদের চাপে রাখতে পারব না, তাই আমাদের নিজেদের বক্সে ভালোভাবে রক্ষণ সামলানোও গুরুত্বপূর্ণ। বড় ম্যাচ হতে যাচ্ছে।”

এই মাসের দুটি ম্যাচে তারকা মিডফিল্ডার কেভিন ডে ব্রুইনে ও স্ট্রাইকার রোমেলু লুকাকুকে ছাড়াই খেলতে হচ্ছে বেলজিয়ামকে। গত বৃহস্পতিবার ইতালির মাঠে ২৪ মিনিটের মধ্যে দুই গোল হজম করলেও, শেষ পর্যন্ত ২-২ ড্র করে তারা। দ্বিতীয়ার্ধের পুরোটা অবশ্য একজন কম নিয়ে খেলতে হয় ইতালিকে। 

প্রতিযোগিতামূলক ফুটবলে ফ্রান্সের বিপক্ষে বেলজিয়াম সবশেষ জিতেছে ১৯৮১ সালের সেপ্টেম্বরে, বিশ্বকাপ বাছাইয়ে ২-০ গোলে। তারপর থেকে দুই দলের ১৫ বারের দেখায় আরও দুবার জিতেছে বেলজিয়াম, তবে দুটিই প্রীতি ম্যাচে, যার সবশেষটি ২০১৫ সালে। 

দুই দলের সবশেষ চার দেখাতেই বেলজিয়াম হেরেছে। এর মধ্যে গত জুলাইয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় তাদের ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে ফ্রান্স। গত মাসে নেশন্স লিগে প্রথম দেখায় ফরাসিরা ঘরের মাঠে জেতে ২-০ গোলে।

অতীতের বাজে পারফরম্যান্স থেকেই আসছে ম্যাচে প্রেরণা খুঁজে পাচ্ছেন বেলজিয়াম কোচ। 

“ফ্রান্সের বিপক্ষে অতীতের বাজে ফলাফল কি আমাদের নিরুৎসাহিত করবে? এটি বরং প্রেরণা হতে পারে। সত্যি বলতে আমরা ইতিহাস লিখতে পারি। অবশ্যই আমাদের দুর্দান্ত দিন কাটাতে হবে। যদি দেখেন ফ্রান্স কাকে বেছে নিতে পারে, তাহলে (কিলিয়ান) এমবাপের না থাকাটা আসলে কোনো ব্যাপার নয়।”

এই মাসের দুটি ম্যাচে রেয়াল মাদ্রিদ তারকা এমবাপেকে ছাড়াই খেলছে দুবারের বিশ্বকাপ জয়ী ফ্রান্স।