চ্যাম্পিয়ন্স লিগ
Published : 04 Nov 2025, 08:03 AM
চ্যাম্পিয়ন্স লিগে আবারও যখন মুখোমুখি লিভারপুল ও রেয়াল মাদ্রিদ, তার আগে ঘুরে-ফিরে আসছে এই দুই দলের গত আসরের লড়াই। অ্যানফিল্ডে সেবার সহজেই জিতেছিল লিভারপুল। একই মাঠে হতে যাচ্ছে আসছে লড়াই। ইংলিশ ক্লাবটির কোচ আর্না স্লটের মতে, এবার তাদের প্রতিপক্ষ আরও বেশি শক্তিশালী।
ইউরোপ সেরার প্রতিযোগিতায় মঙ্গলবার ঘরের মাঠে রেয়ালের মুখোমুখি হবে ইংলিশ চ্যাম্পিয়নরা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
গত মৌসুমে এখানে রেয়ালকে ২-০ গোলে হারিয়েছিল লিভারপুল। সেই ম্যাচের সঙ্গে এবারের লড়াইয়ের তুলনা টানতে নারাজ স্লট।
“আমরা খুব ভালো একটি দলের মুখোমুখি হচ্ছি, যারা ইউরোপে অনেক বছর ধরে সাফল্য পেয়েছে এবং এই মৌসুমেও বেশ সফল। তাদের দারুণ একজন কোচ ও দারুণ সব খেলোয়াড় আছে এবং আমরা প্রতিপক্ষকে অনেক সমীহ করি।”
“গত মৌসুমের ম্যাচের সঙ্গে এই ম্যাচের তুলনা করা আমার জন্য কঠিন। যখন তারা এখানে খেলেছিল, তখন তাদের অনেক চোট সমস্যা ছিল, এখন তা নেই এবং তারা দলকে ঐক্যবদ্ধ রেখেছে। শাবি (আলোন্সো) অসাধারণ কাজ করছে, কার্লো আনচেলত্তিও একই কাজ করেছে এবং অনেক জিতেছে। তারা কয়েকজন নতুন খেলোয়াড় যোগ করেছে, যারা প্রভাব ফেলতে পারে।”
চোট সমস্যা অবশ্য এই মৌসুমেও আছে রেয়ালের। মাঠের বাইরে আছেন তিন অভিজ্ঞ ডিফেন্ডার দানি কার্ভাহাল, ডাভিড আলাবা ও আন্টোনিও রুডিগার। তারপরও, আলোন্সোর কোচিংয়ে দারুণ ছন্দে এগিয়ে চলেছে ইউরোপের সফলতম দলটি। সব প্রতিযোগিতা মিলিয়ে জিতেছে সবশেষ ছয় ম্যাচে। চ্যাম্পিয়ন্স লিগে প্রথম তিনটিসহ মৌসুমে ১৪ ম্যাচের ১৩টিই জিতেছে তারা।
বিপরীত অবস্থা লিভারপুলের। গত শনিবার প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ গোলে জয়ের আগে, সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচের ছয়টিতে হারের তেতো অভিজ্ঞতা হয় তাদের। এবার চ্যাম্পিয়ন্স লিগে দুই জয়ের বিপরীতে তাদের হার একটি। গত মৌসুম শেষে কয়েকজন খেলোয়াড়ের অ্যানফিল্ড ছেড়ে যাওয়ার ধাক্কাও তাদের সামলাতে হচ্ছে।
গত মৌসুমে রেয়ালকে হারানোর পরের ম্যাচে, ঘরের মাঠে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকেও ২-০ গোলে হারিয়েছিল লিভারপুল। এবারও পরপর দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ এই দুই দল।
গত মৌসুমে দায়িত্ব নিয়েই লিভারপুলকে প্রিমিয়ার লিগ জেতানো স্লটের মতে, এবারের পরিস্থিতি ভিন্ন।
“আমাদের জন্য প্রতিটি ম্যাচ একটি পরীক্ষা, কারণ আমরা নতুন দল। এই দল গত মৌসুমের মতো নয়। গত মৌসুমে দুই ম্যাচই (রেয়াল ও সিটির বিপক্ষে) আমরা ঘরের মাঠে খেলেছিলাম, এবার একটি বাইরে।”
প্রিমিয়ার লিগে আগামী রোববার ইতিহাদ স্টেডিয়ামে সিটির মুখোমুখি হবে লিভারপুল।