২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ম্যাচের ২ দিন আগে ইংল্যান্ড দলে পরিবর্তন

তাদের জায়গায় ইতোমধ্যে নতুন দুজনকে দলে ডেকেছেন ইংল্যান্ড কোচ।

ম্যাচের ২ দিন আগে ইংল্যান্ড দলে পরিবর্তন
ট্রেভো শ্যালাবা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2025, 09:47 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

চোটে ছিটকে পড়া অ্যান্থনি গর্ডন ও নিক পোপের জায়গায় ইংল্যান্ড দলে ডাকা হয়েছে চেলসির ডিফেন্ডার ট্রেভো শ্যালাবা ও ম্যানচেস্টার সিটির গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ডকে। 

সার্বিয়া ও আলবেনিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচের স্কোয়াডে তাদের যুক্ত করার বিষয়টি মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

পায়ের চোটের কারণে ক্রিস্টাল প্যালেসের সেন্টার-ব্যাক মার্ক গেয়ির খেলা নিয়েও শঙ্কা রয়েছে। শেষ পর্যন্ত তিনি খেলতে না পারলে, জাতীয় দলের জার্সিতে দ্বিতীয় ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন শ্যালাবা। আর ট্র্যাফোর্ড এখনও অভিষেকের অপেক্ষায় আছেন।

কোচ টমাস টুখেল ইংল্যান্ডের দায়িত্ব নেওয়ার পর গত জুনে সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ২৬ বছর বয়সী শ্যালাবার। তবে এরপরের দুই ফিফা উইন্ডোতে স্কোয়াডে জায়গা পাননি তিনি। ২০২১ সালে টুখেলের কোচিংয়েই চেলসির জার্সিতে অভিষেক হয়েছিল শ্যালাবার।

২০২৬ বিশ্বকাপের মূলপর্বে ইতোমধ্যে জায়গা নিশ্চিত করেছে ইংল্যান্ড। বৃহস্পতিবার ওয়েম্বলিতে তারা মুখোমুখি হবে সার্বিয়ার, এরপর রোববার খেলবে আলবেনিয়ার বিপক্ষে।

বাছাইপর্বের এখন পর্যন্ত ছয় ম্যাচের সবগুলো ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড। সার্বিয়া (১০) ও আলবেনিয়া (১১) রানার্সআপ হওয়ার লড়াইয়ে আছে।

ইউরোপ অঞ্চলের বাছাইয়ে গ্রুপের সেরা দল সরাসরি উঠবে ২০২৬ বিশ্বকাপে। আর রানার্সআপ দলকে খেলতে হবে প্লে-অফে।