২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত ম্যাচের প্রস্তুতি ঢাকায় ও সৌদি আরবে

ঢাকায় পাঁচ দিন প্রস্তুতি নেওয়ার পর সৌদি আরবে দুই সপ্তাহের মতো ক্যাম্প করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2025, 05:35 PM

Updated : 10 Sep 2026, 12:33 PM

ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ সামনে রেখে প্রস্তুতি ক্যাম্প শুরুর দিনক্ষণ জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দুই ধাপে ঢাকায় ও সৌদি আরবে প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল টিমস কমিটি।

ভার্চুয়াল মিটিংয়ে সোমবার বসে কমিটি। সেখানে মোট তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি প্রিমিয়ার লিগের দশম রাউন্ডের খেলা শেষে ২৮ ফেব্রুয়ারি ঢাকায় ক্যাম্প শুরু করবেন হাভিয়ের কাবরেরা।

পাঁচ দিন ক্যাম্প করার পর নিবিড় অনুশীলনের জন্য সৌদি আরবে যাবে দল। সেখানে ৫ থেকে ১৭ মার্চ পর্যন্ত চলবে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরপর শিলংয়ে যাবে দল। সেখানে ২৫ মার্চ এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

গুরুত্বপূর্ণ এই ম্যাচ সামনে রেখে এরই মধ্যে ৩৮ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন কাবরেরা। এই দলের ম্যানেজার হিসেবে আমের খানকে দায়িত্ব দিয়েছে ন্যাশনাল টিমস কমিটি।

ভারত ম্যাচের প্রস্তুতি ঠিকঠাক সারতে সৌদি আরবে ক্যাম্পের ফাঁকে প্রস্তুতি ম্যাচ খেলার প্রয়োজনীয়তা দেখছেন অনেকে। তবে এ ব্যাপারে বাফুফে এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি।