‘অন্যান্য দলের মতো রেয়াল মাদ্রিদকে ভয় পায় না বার্সেলোনা’
গত মৌসুমে তিন ক্লাসিকোর সবকটিতে হারা বার্সেলোনা এবার চার ক্লাসিকোর সবগুলোতে জিতেছে।
আগের মৌসুমে তিনটি ক্লাসিকোর সবকটিতে জিতেছিল রেয়াল মাদ্রিদ। এই মৌসুমে ঠিক উল্টো। এবার চার ক্লাসিকোর প্রতিটিতে জয় বার্সেলোনার। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে লা লিগা শিরোপা জয়ের দুয়ারে পৌঁছে কাতালান দলটির বিস্ময় বালক লামিনে ইয়ামাল বললেন, ক্লাসিকোয় এমন সাফল্যের মূলে রয়েছে তাদের অদম্য মানসিকতা।
ঘরের মাঠে রোববার প্রথম ১৪ মিনিটের মধ্যে কিলিয়ান এমবাপের জোড়া গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বার্সেলোনা। সেখান থেকে তারা ঘুরে দাঁড়ায় প্রবল প্রতাপে, জবাব দেয় প্রথমার্ধেই চার গোল করে। বিরতির পর এমবাপে হ্যাটট্রিক পূর্ণ করলেও, তিন পয়েন্ট পেতে সমস্যা হয়নি স্বাগতিকদের।
এবারের মৌসুমে প্রথম ক্লাসিকোয় গত অক্টোবরে লা লিগায় বের্নাবেউয়ে রেয়ালকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল বার্সেলোনা। এরপর জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৫-২ গোলে ও গত মাসে কোপা দেল রের ফাইনালে ১২০ মিনিটের লড়াইয়ে ৩-২ ব্যবধানে জেতে শিরোপা উৎসব করে হান্সি ফ্লিকের দল।
মৌসুমজুড়ে দারুণ ছন্দে থাকা ইয়ামাল প্রতিটি ক্লাসিকোতেই জ্বলে উঠেছেন। লা লিগায় দুবারের দেখাতেই করেছেন একটি করে গোল। আরেকটি গোল করেছেন সুপার কাপের ফাইনালে, কোপা দেল রের ফাইনালে করেছেন দুটি অ্যাসিস্ট।
১৭ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার ইএসপিএনকে বললেন, গত মৌসুমে রেয়ালের বিপক্ষে তিনবার হারের পর এবার পরিস্থিতি পাল্টে দিতে মরিয়া ছিলেন তারা।
“মাদ্রিদের বিপক্ষে হারলে ভালো লাগে না। এটা সত্যি যে, গত মৌসুমে আমরা তাদের হারাতে পারিনি, আমরা ভুগেছি। এই মৌসুমে পরিস্থিতি পাল্টে দেওয়ার জন্য আমরা সবকিছু করেছি।”
“তাদের প্রতি সেই ভয় নেই, যা হয়তো অন্যান্য দলগুলো তাদের বিপক্ষে পায়। তাই আমরা আমাদের সবকিছু উজাড় করে দিয়েছি। আমরা মনে করি, অন্য সকল দলের চেয়ে আমরা ভালো, এই মানসিকতা নিয়েই আমরা মাঠে নামি। তাদের বিপক্ষে এভাবেই খেলতে হবে। এমনভাবে দেখাতে হবে যেন আমরাই সবচেয়ে ভালো দল এবং উপভোগ করতে হবে, এই তো।”
লা লিগার শিরোপা পুনরুদ্ধার করতে শেষ তিন ম্যাচে বার্সেলোনার প্রয়োজন আর ২ পয়েন্ট। পরের ম্যাচে আগামী বৃহস্পতিবার এস্পানিওলের মুখোমুখি হবে তারা।
