২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের উন্মাদনায় উচ্ছ্বসিত মেসি

কাতার বিশ্বকাপ চলাকালীন নিজের ও আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের ভক্তদের সমর্থন ছুঁয়ে গেছে পিএসজি তারকাকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2023, 09:36 PM

Updated : 03 Feb 2023, 09:36 PM

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার পাশাপাশি বিশ্বব্যাপী সমর্থনের জোয়ার বয়ে গিয়েছিল লিওনেল মেসিদের জন্য। ব্যতিক্রম ছিল না বাংলাদেশেও। নিজের জন্য দক্ষিণ এশিয়ার দেশটির তুমুল উন্মাদনা ছুঁয়ে গেছে পিএসজি ফরোয়ার্ডকে। বললেন, এটি তার জন্য রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল।

বিশ্ব মঞ্চে তিন যুগের শিরোপা খরা গত বছর কাটিয়েছে আর্জেন্টিনা। তবে তাদের এই পথচলা মসৃণ ছিল না। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে যায় দলটি। এরপর মেসির নেতৃত্বে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন হয় লাতিন আমেরিকার দেশটি। মাঠে ও মাঠের বাইরে বিশ্বের নানা প্রান্ত থেকে তাদের সমর্থন ছিল চোখে পড়ার মতো।

বিশ্বকাপের আগে থেকেই বিশ্বজুড়ে মেসির ছিল আকাশচুম্বী জনপ্রিয়তা। তবে বিশ্ব সেরার আসর চলাকালীন তা যেন পায় নতুন মাত্রা। বাংলাদেশের নানা প্রান্তে মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সি পরা ভক্তদের ছবি, পোষ্টার, দেয়াল চিত্র দেখা গেছে প্রচুর। বাড়ির ছাদে ও অন্যান্য জায়গায় আর্জেন্টিনার পতাকার ছবি ইত্যাদি ছড়িয়ে পড়েছিল ইন্টারনেটে।

সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে তা চলে যায় সুদূর আর্জেন্টিনাতেও। ফলে দেশটিতে আগ্রহ বেড়ে যায় বাংলাদেশকে নিয়ে। মেসিও নাকি অবগত ভিন্ন একটি দেশে তার প্রতি ভক্তদের পাগলাটে সমর্থন নিয়ে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম দিয়ারো ওলেকে শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলেন মেসি। সেখানেই উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ।

রেকর্ড সাতবারের ব্যালন দ’র জয়ী এই ফুটবলার বললেন, ফাইনালের আগেই বাংলাদেশের ব্যাপারে বিশদ জানতে পেরেছিলেন তিনি।

“হ্যাঁ, আমি (বাংলাদেশের উন্মাদনা) দেখেছি। সব জায়গায় জার্সি, যেমনটা (সাংবাদিক) সোফি (মার্তিনেস) আমাকে শেষের আগে নোটে জানিয়েছিল। আর্জেন্টিনার ১০ নম্বর মেসির জার্সিতে সারা বিশ্বের মানুষকে দেখে খুব ভালো লেগেছে।”