২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাটট্রিক না করায় হলান্ডকে নিয়ে ‘হতাশ’ ম্যান সিটি কোচ

স্রেফ একটি গোল করায় হলান্ডকে নিয়ে মজা করে কৃত্রিম হতাশা প্রকাশ করলেন পেপ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2022, 11:32 AM

Updated : 09 Oct 2022, 01:25 PM

গোলের পর গোল তো বটেই, হ্যাটট্রিক ব্যাপারটিকেও যেন নিত্য দিনের ব্যাপার বানিয়ে ফেলেছেন আর্লিং হলান্ড। সেই তার স্রেফ এক গোলে ম্যাচ শেষ করা যেন বেমানান ঠেকছে অনেকের কাছেই। তাকে নিয়ে এত অল্পতে সন্তুষ্ট হওয়া যে কঠিন! এসব দেখে স্বয়ং ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলাও মজা করে কৃত্রিম হতাশা প্রকাশ করলেন গোলমেশিন হয়ে ওঠা ফরোয়ার্ডকে নিয়ে।

চলতি মৌসুমে ম্যানেচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর হলান্ডের সবচেয়ে অনুজ্জ্বল উপস্থিতি ছিল সম্ভবত শনিবার সাউথ্যাম্পটনের বিপক্ষে। তার বিধ্বংসী চেহারা এ দিন ছিল না। কয়েকটি সুযোগ হাতছাড়া করেন তিনি। সেরার কাছাকাছি রূপেও দেখা যায়নি। তার পরও ঠিকই গোল একটি আদায় করেই ছাড়েন। দল ম্যাচ জিতে নেয় ৪-০ গোলে।

দলের ঠিক আগের ম্যাচেই চ্যাম্পিয়ন্স লিগে স্রেফ প্রথমার্ধ মাঠে থেকে দুটি গোল করেন হলান্ড। চলতি মৌসুমে সব মিলিয়ে তার তিনটি হ্যাটট্রিক ও আরও তিন ম্যাচে জোড়া গোল হয়ে গেছে। অক্টোবরের প্রথম সপ্তাহ পার হলো সবে, অথচ এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার ২০ গোল হয়ে গেল ১৩ ম্যাচ খেলেই।

নিজেকে তিনি এমন উচ্চতায় তুলে নিয়েছেন যে, তার এক গোল যেন সন্তুষ্ট করতে পারছে না অনেককে। ম্যাচের পর এটা নিয়েই কৌতুক শোনা গেল ম্যানচেস্টার সিটির কোচের কণ্ঠে।

“তাকে নিয়ে আমি এত হতাশ… সে তিন গোল করেনি! এজন্যই তাকে প্রিমিয়ার লিগ থেকে বরখাস্ত করার পিটিশন করা হচ্ছে।”

কদিন আগে ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডকে বিধ্বস্ত করার পথে হ্যাটট্রিক করেন হলান্ড। এরপর ইউনাইটেডের সমর্থকরা অনলাইনে পিটিশন দায়ের করেন এই ফরোয়ার্ডকে নিষিদ্ধ করার জন্য। সিটি কোচের ইঙ্গিত সেদিকেই।

নতুন ক্লাবে এসেই এতটা অবিশ্বাস্য পারফর্ম করতে শুরু করেছেন হলান্ড, অনেক সময় তাকে মনে হচ্ছে যেন অতিমানব। তবে তিনিও যে মানুষ, সেটির প্রমাণ দিতেই যেন সাউথ্যাম্পটনের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে সহজ একটি সুযোগ হাতছাড়া করেন। সেটি নিয়েও ম্যাচ শেষে প্রশ্ন হয়।

“এরকম হয়েই থাকে (গোল মিস)… প্রত্যাশা এখন এই উচ্চতায় উঠে গেছে যে লোকে মনে করে, সে প্রতি ম্যাচেই তিন-চার গোল করবে। শেষ পর্যন্ত সে তো গোল করছে, আমাদেরকে সহায়তা করেছে, লড়াই চালিয়ে গেছে এবং আমার মনে হয়, সে ভালো খেলেছে।”

“কিছু সুযোগ সে পেয়েছে… পরে গোলটা তো দারুণ করেছে। আমাদের জন্য সে অসাধারণ এক অস্ত্র, প্রতিপক্ষের জন্য বড় হুমকি। আমি খুবই সন্তুষ্ট তাকে নিয়ে।”