২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

১৬ মাস পর টেনিসে ফিরে ৪৫ বছরের ভেনাসের জয়

জয়ের পর বোন সেরেনা উইলিয়ামসকে নিয়ে কিছুটা মজাও করেন যুক্তরাষ্ট্রের তারকা।

১৬ মাস পর টেনিসে ফিরে ৪৫ বছরের ভেনাসের জয়
২৩ বছর বয়সী হেইলি ব্যাপটিস্টের সঙ্গে জুটি বেঁধে খেলছেন ৪৫ বছর বয়সী ভেনাস উইলিয়ামস (ডানে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2025, 05:35 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

লম্বা সময় পর প্রতিযোগিতামূলক টেনিসে ফেরার উপলক্ষ দারুণভাবে রাঙিয়েছেন ভেনাস উইলিয়ামস। ওয়াশিংটন ওপেনে দ্বৈতের শেষ ষোলোয় জিতেছেন এককে সাতবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী যুক্তরাষ্ট্রের তারকা।  

৪৫ বছর বয়সী ভেনাস এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছেন ওয়াইল্ডকার্ড নিয়ে। স্বদেশি হেইলি ব্যাপটিস্টের সঙ্গে জুটি বেঁধে ইউজেনি বুশার্ড ও ক্লেরভি এনগুনিউ জুটির বিপক্ষে ৬-৩, ৬-১ গেমে জিতেছেন তিনি।   

র‍্যাঙ্কিংয়ের সাবেক এক নম্বর খেলোয়াড় ভেনাস সবশেষ খেলেছিলেন গত বছরের মার্চে, মায়ামি ওপেনে। এই মুহূর্তে তিনি র‍্যাঙ্কিংয়ে নেই। তিন বছরের মধ্যে প্রথমবার কোনো দ্বৈতের ম্যাচ খেললেন তিনি।

২৩ বছর বয়সী ব্যাপটিস্টের সঙ্গে খেলা উপভোগ করছেন ভেনাস। জয়ের পর মজা করে বলেন, ছোট বোন ও ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা উইলিয়ামসের পরিবর্তে আরও আগেই ব্যাপটিস্টের সঙ্গে জুটি বাঁধা উচিত ছিল তার।     

সেরেনার সঙ্গে জুটি বেঁধে দ্বৈতে ১৪টি মেজর জিতেছেন ভেনাস। লম্বা সময় ধরে টেনিসে আধিপত্য করেছেন এই দুই বোন।