২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

৪৫ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে যাচ্ছেন ভেনাস

বছরের প্রথম এই গ্র্যান্ড স্ল্যামে কোর্টে নামার সঙ্গে সঙ্গে একটি রেকর্ডও গড়বেন যুক্তরাষ্ট্রের এই তারকা।

৪৫ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে যাচ্ছেন ভেনাস
ভেনাস উইলিয়ামস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2026, 06:49 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

বয়সের সংখ্যাটা চোখ রাঙানি দিলেও, তা টেনিসের প্রতি ভেনাস উইলিয়াসমের ভালোবাসা কমাতে পারেনি। তাইতো ৪৫ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের এই তারকা।

বছরের প্রথম এই গ্র্যান্ড স্ল্যামের মূল ড্রয়ে অংশ নেওয়ার জন্য ওয়াইল্ড কার্ড পেয়েছেন ভেনাস। আগামী ১৮ জানুয়ারি শুরু হবে এবারের আসর।

মেলবোর্ন পার্কের এই প্রতিযোগিতায় সাতবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সবশেষ খেলেছেন ২০২১ সালে। সেই আসরে দ্বিতীয় রাউন্ডে ইতালির সারা এরানির বিপক্ষে হেরেছিলেন তিনি।

আবার অস্ট্রেলিয়ান ওপেনে খেলার সুযোগ পেয়ে দারুণ খুশি ভেনাস।

“আমার ক্যারিয়ারে যে জায়গা (টুর্নামেন্ট) অনেক অর্থবহ, সেখানে ফেরার সুযোগ দেওয়ায় আমি কৃতজ্ঞ।”

এককে উইম্বলডনে পাঁচবার ও ইউএস ওপেনে দুইবারের চ্যাম্পিয়ন ভেনাস অস্ট্রেলিয়ান ওপেনে কখনও শিরোপা জিততে পারেননি। এখানে তার সেরা সাফল্য দুইবার রানার্সআপ হওয়া। 

অস্ট্রেলিয়ান ওপেনে ২০০৩ ও ২০১৭ আসরের ফাইনালে বোন সেরেনা উইলিয়ামসের বিপক্ষে হেরেছিলেন ভেনাস।

তবে এবার অস্ট্রেলিয়ান ওপেনে কোর্টে নামার সঙ্গে সঙ্গে একটি রেকর্ড গড়বেন ভেনাস, সবচেয়ে বেশি বয়সে এই টুর্নামেন্টে খেলার রেকর্ড গড়বেন তিনি। ছাড়িয়ে যাবেন ২০১৫ সালে এখানে ৪৪ বছর বয়সে খেলা জাপানের কিমিকো দাতেকে।   

২০২৩ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের বাইরে কোনো টুর্নামেন্টে খেলেননি ভেনাস উইলিয়ামস।