কেটে গেল অনিশ্চয়তা, বার্সায় অভিষেকের অপেক্ষায় ওলমো
ডেনমার্কের সেন্টার-ব্যাক আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন দীর্ঘমেয়াদি চোটের কারণে দানি ওলমোর নিবন্ধন করাতে পেরেছে বার্সেলোনা।
প্রায় এক দশক পর শৈশবের ক্লাবে ফিরেও দলের প্রথম দুই ম্যাচে খেলার সুযোগ পাননি দানি ওলমো। তাকে নিবন্ধনই যে করাতে পারছিল না বার্সেলোনা। আপাতত কেটে গেছে সেই সমস্যা। আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন চোট পেয়ে দীর্ঘ সময়ের জন্য ছিটকে পড়ায়, স্প্যানিশ ফরোয়ার্ডের নিবন্ধন করাতে পেরেছে কাতালান ক্লাবটি।
লা লিগায় মঙ্গলবার রাতে রায়ো ভাইয়েকানোর বিপক্ষে খেলবে বার্সেলোনা। এই ম্যাচ দিয়ে কাতালান ক্লাবটির হয়ে যাত্রা শুরুর অপেক্ষায় ২৬ বছর বয়সী ওলমো।
সাড়ে পাঁচ কোটি ইউরো ট্রান্সফার ফির বিনিময়ে ৬ বছরের চুক্তিতে লাইপজিগ ছেড়ে বার্সায় নাম লেখান ওলমো। ২০০৭-২০১৪ পর্যন্ত ক্লাবটির যুব একাডেমিতে ছিলেন তিনি। এরপর দিনামো জাগরেবের হয়ে শুরু করেন সিনিয়র ফুটবলে যাত্রা।
প্রায় ১০ বছর পর পুরোনো ঠিকানায় ফিরলেও ক্লাবের আর্থিক দুরাবস্থার কারণে লা লিগার নিবন্ধিত খেলোয়াড়ই হতে পারছিলেন না ওলমো। ইএসপিএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ মেয়াদি চোটে আক্রান্ত ক্রিস্টেনসেনের জায়গায় ওলমোর অস্থায়ী নিবন্ধন সম্পন্ন করেছে বার্সেলোনা।
লা লিগার নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি একটি উল্লেখযোগ্য সময়ের জন্য ছিটকে যায়, তাহলে ক্লাবগুলো তাদের খরচের সীমা বাড়ানোর সুযোগ পায়।
এই নিয়ম কাজে লাগিয়ে এর আগেও ফুটবলার নিবন্ধন করেছে স্প্যানিশ ক্লাবটি। গত শীতের সময় গাভি চোটে থাকায় তারা ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিতো খককে দলে নিবন্ধনের সুযোগ পেয়েছিল।
এছাড়া চলতি মাসেই রোনাল্ড আরাউহোর চোটে তারা ইনিগো মার্তিনেসের নিবন্ধন সম্পন্ন করেছে।
