১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খেলোয়াড়দের অসন্তোষের মধ্যে প্রাইজ মানি বাড়াল উইম্বলডন

যদিও এই পদক্ষেপ শীর্ষ খেলোয়াড়দের শান্ত করার জন্য যথেষ্ট নাও হতে পারে।

খেলোয়াড়দের অসন্তোষের মধ্যে প্রাইজ মানি বাড়াল উইম্বলডন
উইম্বলডনের ইতিহাসে এক বছরে এত পুরস্কারের অর্থ আগে কখনও বাড়ানো হয়নি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2026, 08:01 PM

Updated : 11 Sep 2026, 03:23 PM

এই বছরের উইম্বলডনে প্রাইজ মানি ২০ শতাংশ বাড়ানো হয়েছে। এখন মোট অর্থ পুরস্কার দাঁড়িয়েছে ৬ কোটি ৪২ লাখ পাউন্ড (৮ কোটি ৫৭ লাখ ৪০ হাজার ডলার)। 

যদিও এই পদক্ষেপ শীর্ষ খেলোয়াড়দের শান্ত করার জন্য যথেষ্ট নাও হতে পারে। গ্র্যান্ড স্ল্যামের আয়ের বড় একটা অংশ দাবি করে আসছেন তারা।

বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামে এবার এককের চ্যাম্পিয়নরা পাবেন ৩৬ লাখ পাউন্ড, গত বছর যা ছিল ৩০ লাখ পাউন্ড।

এই টুর্নামেন্টের ইতিহাসে এক বছরে এত পুরস্কারের অর্থ আগে কখনও বাড়েনি। কিন্তু এমন এক সময়ে তা বাড়ানো হলো, যখন খেলোয়াড়দের দাবি ক্রমেই বাড়ছে। তাদের মতে, চারটি গ্র্যান্ড স্ল্যাম অন্যান্য এটিপি ও ডব্লিউটিএ ইভেন্টের তুলনায় মোট রাজস্ব আয়ের ছোট অংশ দিয়ে থাকে। 

কয়েকজন খেলোয়াড় সদ্য শেষ হওয়া ফরাসি ওপেনে গণমাধ্যমের সামনে তাদের উপস্থিতি সীমিত করেছিলেন, এমনকি ভবিষ্যতে টুর্নামেন্ট বয়কটের হুমকিও দিয়েছিলেন।

উইম্বলডনের চেয়ারম্যান ডেবি জেভান্স বলেছেন, তিনি ফরাসি ওপেনের সময় ল্যারি স্কটের সঙ্গে প্রাইজ মানি নিয়ে আলোচনা করেছেন। অর্থ বাড়ানোর দাবি করা কয়েকজন শীর্ষ খেলোয়াড়ের প্রতিনিধিত্ব করছেন স্কট।

খেলোয়াড়রা উইম্বলডনের মোট প্রাইজ মানি প্রায় সাত কোটি পাউন্ড করার দাবি জানিয়েছিলেন। 

এই বছর উইম্বলডনের বিভিন্ন রাউন্ডে প্রাইজ মানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। একক বিভাগে প্রথম রাউন্ড থেকে বাদ পড়া খেলোয়াড়রা ৮০ হাজার পাউন্ড পাবেন। ২০২৫ সালে এই অঙ্কটি ছিল ৬৬ হাজার পাউন্ড।

বাছাইপর্বের প্রতিযোগিতার জন্য মোট প্রাইজ মানি ২৫ শতাংশ বাড়িয়ে ৬২ লাখ পাউন্ড করা হয়েছে।

এবারের উইম্বলডন শুরু হবে আগামী ২৯ জুন।