প্রাপ্তির ক্যারিয়ারে ইউরোপীয় ফুটবলের ছোঁয়ার খোঁজে সাবিনা
উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার অভিযানে নেপাল যাওয়ার পথে বিমানে বসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে সাক্ষাৎকারে বর্ণিল ক্যারিয়ারের প্রাপ্তি, অপ্রাপ্তি, স্বপ্ন নিয়ে কথা বললেন বাংলাদেশ অধিনায়ক।
স্রেফ দুই বছরের ব্যবধান। ২০২২ সালে সাবিনা খাতুন কাঠমান্ডুতে এসেছিলেন উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের স্বপ্ন নিয়ে। তা সত্যি করে দেশে ফিরেছিলেন। এবার তিনি এলেন মুকুট ধরে রাখার পাহাড়সম চাপ নিয়ে। বাংলাদেশ বিমানে বসে এবারের লক্ষ্য, সাফজয়ী কোচ গোলাম রব্বানী ছোটনকে ডাগআউটে না পাওয়া নিয়ে কথা বলেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাথে। তাকিয়েছেন পিছু ফিরেও। সাতক্ষীরার সেই ছোট্ট সাবিনার ফুটবলের সবুজ আঙিনায় পা রাখার সিদ্ধান্ত নিয়ে গর্ব না থাকলেও সন্তুষ্টি কম নয় তার।
অনেক প্রথম-এর গল্পই সাবিনার লেখা। জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা বাংলাদেশের প্রথম সাফ জয়ী অধিনায়কও। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা প্রথম ফরোয়ার্ডও তিনি, যে কীর্তি ৩০ বছর বয়সী এই তারকা গড়েছিলেন ২০২২ সালের আসরে। বিমানে বসে সাক্ষাৎকার দেওয়া প্রথম অধিনায়ক কিনা, এমন প্রশ্ন করতেই হাসির ফোয়ারা ছুটল সাবিনার মুখে!
সাতক্ষীরার সেই ছোট্ট সাবিনা থেকে শুরু করে আজকের এই যাত্রা, আপনি কীভাবে দেখেন?
সাবিনা খাতুন: (হাসি) এটা তো ১২-১৪ বছরের ক্যারিয়ার, গল্প তো আসলে বলে শেষ করা যাবে না। যখন শুরু করেছিলাম, খেলার বয়সই ছিল। আমার কোচ ছিলেন আকবর (আলি) স্যার, উনি এখন আর বেঁচে নেই। উনার হাত ধরেই আমার উঠে আসা। যখন আমি ক্লাস সেভেন বা এইটে পড়ি, তখন উনি একদিন আমার বাসায় গিয়ে আমার বড় আপু এবং বাবা-মায়ের সাথে কথা বলে তাদের রাজি করান, আমাকে ঢাকায় খেলতে নিয়ে আসবেন। আমি প্রথম ঢাকায় আসি ভলিবল খেলতে। তারপর থেকে সব ধরনের খেলাই খেলতাম। এরপর ২০০৮ সালে সিটিসেল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বলে একটা টুর্নামেন্ট হয়, ওটাতেই আমার প্রথম (প্রতিযোগিতামূলক) ফুটবল খেলা। ২০০৯ সালে দক্ষিণ এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দলে ডাকা হয়। সেখানে ৩৫-৩৭ জনকে ডাকা হয়। সাতক্ষীরা থেকে আমরা পাঁচজন জায়গা পাই। ২০১০ সালের জানুয়ারির দিকে যখন চূড়ান্ত দল ঘোষণা করা হয়, তখন আমি টিমে থেকে যাই। বলতে পারেন, ২০০৯ সাল থেকে আমার জাতীয় দলে যাত্রা শুরু এবং এখনও চলছে। এর ভিতরে অনেক প্রতিকূলতা, প্রতিবন্ধকতা, মেয়েদের ফুটবলের সংগ্রাম, সেটা থেকে উঠে আসা, সে চ্যালেঞ্জ নিয়ে সেটাকে মেনে নিয়ে এগিয়ে যাওয়া এবং এখন পর্যন্ত চলছে, এই তো।
প্রশ্ন: আপনার আকবর স্যারের কথা আরেকটু শুনতে চাই।
সাবিনা খাতুন: সাতক্ষীরা থেকে আমাদের উঠে আসা, এখন যে আমাদের কোচ মিরোনা, তার উঠে আসা এবং সাতক্ষীরায় আরও যে অনেক খেলোয়াড় আছে, আমাদের অ্যাথলেটিক্সের দ্রুততম মানবী শিরিন আক্তার, তার উঠে আসার পেছনেও আমাদের কোচের (আকবর) অনেক ভূমিকা আছে। বলা যেতে পারে, উনার হাত ধরেই আমাদের এত দূর আসা।
যখন আকবর স্যারের হাত ধরে খেলাধুলায় এলেন, তখন কি স্যার আপনাকে স্বপ্ন দেখিয়েছিলেন, একদিন আপনি সাফজয়ী অধিনায়ক হবেন, এভাবে মুকুট ধরে রাখার মিশনে আসবেন?
সাবিনা খাতুন: যখন জেলা পর্যায়ে টুর্নামেন্টগুলো হতো, সামার মিট যে অ্যাথলেটিক্সগুলো হতো, আমি এগুলোই খেলতাম স্কুলে। আমার খেলার আগ্রহ দেখেই উনার আত্মবিশ্বাস ছিল যে, আমি যদি খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকতে পারি, তাহলে আমার ভবিষ্যৎ ভালো। সেখান থেকে আমার চেয়ে উনার প্রচেষ্টাই ছিল বেশি… আমাকে খেলাধুলায় আনা। ছোটবেলা থেকে একটু ডানপিটে ছিলাম, খেলাধুলার প্রতি আমার একটা নেশা ছিল, কিন্তু আমার জীবনে আকবর স্যারের ভূমিকা আসলেই অনেক বেশি।
এবারের বিমান ভ্রমণ কি আলাদা, যেহেতু আপনি এবার সাফজয়ী অধিনায়ক?
সাবিনা খাতুন: না। আমার এখনও মনে আছে, আমি যখন প্রথম বিমানে চড়েছিলাম, তখনকার অনুভূতির মতো আমার এখনকার অনুভূতিও একই। আর টিমের সাথে যেতে পারা সবসময় একটা ভালো লাগা কাজ করে। সবার সাথে আনন্দ, উল্লাস করা হয়, ভালো লাগে, সবাই মজা করে, আমার ভালো লাগে।
যখন শুরু করেন, তখন কি মনে হয়েছিল, একদিন দেশের হয়ে সাফ জিতবেন, মুকুট ধরে রাখার মিশনে এভাবে যাবেন?
সাবিনা খাতুন: আসলে যে বয়সে শুরু করেছিলাম, ওই বয়সে তো ভাবার এতকিছু ছিল না। বয়সই ছিল খেলার। কিন্তু ২০১৬ সালে যখন জাতীয় দলের অধিনায়কত্ব পাই, তখন মনে হয়েছে যে, হয়তো আমার প্রতি দায়িত্ব অনেক। অধিনায়কত্ব পাওয়ার আগ পর্যন্ত যেমন ক্যাজুয়াল ছিলাম, তেমন একটা চিন্তা-ভাবনা ছিল না, কিন্তু পরে সেটা মানে দৃশ্যপট বদলে গিয়েছিল। অনেক জুনিয়র খেলোয়াড় আছে, যাদের পারিচালনা করতে হয়, বুস্টআপ করতে হয়, পাশাপাশি প্রতিটা টুর্নামেন্টের আগে টিমমেটদের চাঙ্গা রাখা-এগুলো ছোট ছোট বিষয়, কিন্তু এগুলো অনেক দায়িত্ববোধের বিষয়।
এতটা পথ পেরিয়ে এসে কী মনে হয়, ছোট বেলার সিদ্ধান্ত স্বার্থক?
সাবিনা খাতুন: এটা তো অবশ্যই। বলার অপেক্ষা রাখে না। যেখানে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছি… এখানে কেবল আমি নই, অনেকেই আছে, যাদের পরিবার তাদের খেলতে দিতে চাইত না, তারাই এখন তাদের পরিবারের দায়িত্ব নিয়েছে, এরকম একটা ব্যাপার। আমার তো মনে হয়, যে সকল মেয়েরা আছে, তাদের আসলে ওই আক্ষেপের জায়গাটা নেই।
এ পর্যন্ত যে ক্যারিয়ার, সেখানে কি কোথাও আক্ষেপ আছে?
সাবিনা খাতুন: আক্ষেপ বলতে, ইউরোপের কোনো একটা দলের হয়ে লিগে খেলার। কিন্তু সেটা এখনও হয়নি, তবে আশা রাখছি, হাল এখনও ছাড়িনি। সুযোগ এলে যাবো।
এবারের সাফ নিয়ে ভাবনা?
সাবিনা খাতুন: চ্যালেঞ্জিং হবে, কঠিন হবে। বিশেষ করে ভারত এবার বেশ গোছালো এবং ভালো দল, নেপালও আছে, আমরাও আছি। তবে, আমার মনে হয় তিনটি দলই একই মানের, যারা মাঠে একটু বেশি এফোর্ট দেবে, একটু বেশি ফোকাসড থাকবে, যারা এক্সট্রা অর্ডিনারি কিছু দেখাতে পারবে, (ফল) তাদের পক্ষেই আসবে।
একটু ভিন্ন প্রসঙ্গে আসি। আপনি যখন ফুটবল শুরু করেছিলেন, তখন যে মানের খেলোয়াড় উঠে আসত আর এখন যে মানের আসছে, যদি তুলনা করতে বলি..
সাবিনা খাতুন: আমাদের সময় তো শুধু জেলাগুলো অংশ নিত। এখন সেই টুর্নামেন্টগুলোও নেই, কিন্তু খেলোয়াড় আছে। আমাদের খেলোয়াড়ের খেলার ইচ্ছা জাগছে, কিন্তু খেলা কমে যাচ্ছে। আগে খেলা টুকটাক হত, কিন্তু খেলোয়াড় পাওয়া যেত না। এখন খেলোয়াড় আছে কিন্তু খেলা নেই। আসলে খেলাটাই এখন মাঠে ধরে রাখতে হবে। এটাই সবচেয়ে মূখ্য বিষয়।
সাবিনা নিজেকে নিয়ে কতটা গর্বিত…
সাবিনা খাতুন: (হাসি) গর্বিত…আসলে নিজেকে নিয়ে গর্বিত হওয়ার কিছু নেই। তবে নিজেকে নিয়ে নিজে সন্তুষ্ট। পরিবার, বাবা-মা বোনেরা, বন্ধুরা বা কোচেরা হয়তো গর্ব বোধ করতে পারে এই ভেবে যে, দেশকে আসলে কিছু দিতে পেরেছি কিনা জানি না, তবে চেষ্টা করেছি সবসময়।
কখনও ভেবেছিলেন, বিমানে চেপে মেঘের ভেলায় ভাসতে ভাসতে সাক্ষাৎকার দেবেন…
সাবিনা খাতুন: (হাসি) এটাও একটা নতুন অভিজ্ঞতা। তবে এটাকে আমি ‘রেকর্ড’ বলব না (হাসি), রেকর্ড তো আসলে মাঠে হয়। তবে এটা ভালোলাগার একটা বিষয়, নতুন একটা অভিজ্ঞতা।
জাতীয় দলের সতীর্থদের মধ্যে কাকে আগামীর সাবিনাকে দেখছেন?
সাবিনা খাতুন: কেউ কারো মতো আসলে হতে পারে না। এটা আসলে এক এক জনের চারিত্রিক বৈশিষ্ট এক এক রকম। তবে অনেকেই আছে… সাবিনার মতো সংগ্রাম করে উঠে এসেছে, এমন অনেকেই আছে এই দলে। মারিয়া আছে, মনিকা আছে, তহুরা আছে, শিউলি আজিম আছে, মাসুরা পারভীন আছে। আমাদের এই দলের প্রত্যেকটা খেলোয়াড়দের যদি দেখেন, দেখবেন, অধিকাংশই খুবই নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছে। আমার ব্যাকগ্রাউন্ডও যদি দেখেন, আমিও খুবই নিম্নবিত্ত, মধ্যবিত্ত ব্যাকগ্রাউন্ডের একটা পরিবার থেকে উঠে এসেছি। সেখান থেকে আমাদের উঠে আসা একটা সংগ্রামের বিষয় অবশ্যই।
এই দলে আছে মাতসুশিমা সুমাইয়া, যারা আপনাদের মতো কষ্ট করে উঠে আসেনি, এটা দলের জন্য কতটা ইতিবাচক?
সাবিনা খাতুন: সুমাইয়ার ব্যাপারটা আমি যতটুকু দেখেছি… ওর সাথে আমার প্রথম পরিচয় হয় ২০২০ সালে, বসুন্ধরা কিংসে। সেরকম সংগ্রাম করতে না হলেও ওর খেলার প্রতি নিবেদন খুব ভালো এবং অন্যরকম। সে যেরকম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে আমাদের সাথে মানিয়ে নিয়েছে, সেটাও প্রশংসনীয়।
যদি বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী খেলোয়াড়রা দলে আসে, তাহলে সেটা কতটা ইতিবাচক?
সাবিনা খাতুন: দুই ক্ষেত্রেই (নারী ও পুরুষ) সেটা ইতিবাচক এবং ভালো হবে, যদি সে মানসম্পন্ন হয় এবং বিশেষ করে আমাদের দেশে অনেক কোচ আছে, যারা কোচিং কোর্স করা এবং ভালো জানাশোনা, আমার মনে হয়, তারাই মূল্যায়ন করতে পারেন যে, তারা (প্রবাসীরা) বাংলাদেশের হয়ে খেলতে সমর্থ কিনা। ভালো খেলোয়াড় হলে তো অবশ্যই (খেলানো উচিত), কেননা, দিনশেষে তো দেশেরই লাভ।
সাফ জয়ী কোচ গোলাম রব্বানী ছোটন এবার আপনাদের সঙ্গে নেই…
সাবিনা খাতুন: ছোটন স্যারকে আমি কোচ বলি না, এমন হয় না যে, পরিবারের পিতা এবং অভিভাবক। আমার মনে হয়, কোচের চেয়ে উনার এই ভূমিকাটা বেশি। একজন বাবা-মা জানে যে, তার সন্তানের চরিত্র কেমন, তার বৈশিষ্ট্য কেমন, বলতে গেলে ছোটন স্যারের সাথে আমার চৌদ্দ বছরের পথচলা, তো উনার সম্পর্কে বলতে গেলে… আসলে আমার সম্পর্কে উনি সবথেকে ভালো বলতে পারবেন। এখানে যদি প্রতিটি খেলোয়াড়ে দেখেন, মারিয়া, মনিকা যারা আছে, প্রতিটি খেলোয়াড় সম্পর্কে উনি বিস্তারিত জানেন। প্রতিটি খেলোয়াড়ের মনের ভেতরে কী চলছে, উনি জানেন। সাফে অবশ্যই তাকে মিস করব। কেননা, আমাদের টিমের সাফল্য, এতদূর আসার পেছনে উনার অবদান অনেক বেশি। আর… এই তো।
