২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

নেইমারের নতুন চোট ‘গুরুতর কিছু নয়’

সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে নিজেই একথা জানিয়েছেন আল হিলালের ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2024, 05:05 PM

Updated : 26 Aug 2026, 10:51 AM

বদলি হিসেবে নামার আধঘণ্টা পর যখন পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন নেইমার, তখনই তাকে ঘিরে শুরু হয় জল্পনা-কল্পনা। এক বছরের বেশি সময় পর মাঠে ফিরতে না ফিরতে আবারও কি চোটে পড়লেন তিনি? সৌদি ক্লাব আল হিলালের ব্রাজিলিয়ান তারকা অবশ্য আশাবাদী, তার এই সমস্যা ক্র্যাম্প ছাড়া গুরুতর কিছু নয়।  

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাব এস্তেগলালের বিপক্ষে সোমবার ৫৮তম মিনিটে মাঠে নামেন নেইমার। কিন্তু ৩০ মিনিটও খেলতে পারেননি তিনি। কিছু ঝলক দেখানোর পর এক পর্যায়ে গোল মুখে ভালো একটি পাস পেয়ে গোলের সুযোগ পান এই ফরোয়ার্ড। কিন্তু বল নিয়ন্ত্রণে নিতে গিয়ে পায়ে টান লাগে তার।

ডান পায়ের পেছনের দিকের পেশিতে হাত দিয়ে কিছুক্ষণ নিচু হয়ে থাকেন নেইমার। পরে অস্বস্তি নিয়ে হাঁটতে দেখা যায় তাকে। এরপরই মাঠ ছেড়ে যান ৩২ বছর বয়সী তারকা। মাঠ ছাড়ার সময় তার চোখেমুখে হতাশা ও বিরক্তির ছাপ ছিল স্পষ্ট। ডাগআউটে বসে মোজা ও বুট খুলে ছুড়ে মারেন তিনি।

আলেকসান্দার মিত্রোভিচের হ্যাটট্রিকে ম্যাচটি ৩-০ গোলে জেতে আল হিলাল।

নেইমারের আগের চোট ছিল বাঁ পায়ে। গত বছরের ১৭ অক্টোবর ব্রাজিলের হয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে এসিএল চোটে পড়েন তিনি। কিছুদিন পর অস্ত্রোপচার করাতে হয় তার। পুনর্বাসনের দীর্ঘ পালা শেষে গত ২১ অক্টোবর ফিরতে পারেন মাঠে। এফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেই আল আইনের বিপক্ষে তাকে নামানো হয় ৭৭তম মিনিটে।

দ্বিতীয় ম্যাচে আরেকটু বেশি সময় খেলার চ্যালেঞ্জ ছিল নেইমারের। ঝামেলা হয়ে গেল এখানেই। সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে নিজের চোট শঙ্কা নিয়ে লেখেন নেইমার। সেখানে তিনি বলেন, লম্বা সময় পর ফেরার কারণে পেশির এমন সমস্যা নিয়ে তাকে আগেই সর্তক করেছিলেন চিকিৎসকরা।

“এটা ক্র্যাম্পের মতো অনুভূত হয়েছিল, খুবই শক্তিশালী! আমি কিছু পরীক্ষা করতে যাচ্ছি এবং আশা করি, খুব গুরুতর কিছু নয়।”

“এক বছর পর (মাঠে ফেরায়) এমনটা হওয়া স্বাভাবিক, ডাক্তাররা আেই আমাকে সতর্ক করেছিলেন, তাই আমাকে সতর্ক থাকতে হবে এবং আরও মিনিট খেলতে হবে।”

গত বছরের অগাস্টে পিএসজি ছেড়ে সৌদি প্রো লিগের দল আল হিলালে আসার পর কেবল ৭ ম্যাচ খেলতে পেরেছেন নেইমার। নিবন্ধন না করায় সৌদি প্রো লিগে তিনি আল হিলালের হয়ে আগামী জানুয়ারির আগে খেলতে পারবেন না।