‘রেয়াল মাদ্রিদকে কখনোই হিসাবের বাইরে রাখা যায় না’
আসছে লড়াইয়ে রেয়াল মাদ্রিদের বিপক্ষে বায়ার্ন মিউনিখকে এগিয়ে রাখলেও, জার্মান চ্যাম্পিয়নদের সতর্ক থাকার পরামর্শ দিলেন আরিয়েন রবেন।
দুটি ক্লাবের হয়েই খেলেছেন আরিয়েন রবেন। তবে ক্যারিয়ারের বেশিরভাগ সময় কেটেছে তার বায়ার্ন মিউনিখে। চ্যাম্পিয়ন্স লিগে আসছে লড়াইয়ে রেয়াল মাদ্রিদের বিপক্ষে জার্মান চ্যাম্পিয়নদেরই এগিয়ে রাখছেন তিনি। তবে সাবেক এই ডাচ উইঙ্গার মনে করিয়ে দিলেন, প্রতিপক্ষ দলটি রেয়াল মাদ্রিদ, যারা কখনোই শেষের আগে শেষ নয়!
ইউরোপ সেরার মঞ্চে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে বুধবার বায়ার্নের মাঠে খেলবে রেয়াল। প্রথম লেগে ঘরের মাঠে ২-১ গোলে হেরে পিছিয়ে আছে প্রতিযোগিতাটির রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা।
ব্যবধানটা বড় নয়। ঘুরে দাঁড়িয়ে রেয়ালের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা আছে তাই প্রবলভাবেই। আর চ্যাম্পিয়ন্স লিগে স্প্যানিশ জায়ান্টদের প্রত্যাবর্তনের নজির তো কম নেই।
বায়ার্নের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে রবেন বললেন, ভড়কে গেলে চলবে না বুন্ডেসলিগা চ্যাম্পিয়নদের।
“বায়ার্ন তাদের খেলাটাই খেলার চেষ্টা করবে। তাদের কৌশল পরিবর্তনের প্রয়োজন নেই। তাদের খেলার পরিকল্পনা মৌসুম জুড়েই কাজ করেছে। রক্ষণভাগ অবশ্যই শক্তিশালী হতে হবে; সংঘবদ্ধভাবে আক্রমণ করতে হবে। তাদের আত্মবিশ্বাসী হতে হবে এবং ভয় পেলে চলবে না।”
“রেয়াল মাদ্রিদকে কখনোই হিসাবের বাইরে রাখা যায় না। আমার এই বিষয়টি ভালো লাগে যে, তারা সবসময় শান্ত থাকে। তারা রক্ষণাত্মকভাবে খেলতে এবং তারপর হঠাৎ আক্রমণে উঠতে পছন্দ করে। কখনও কখনও তাদের স্রেফ এক বা দুটি মুহূর্তের প্রয়োজন হয়। সেদিকে খেয়াল রাখতে হবে। তাদের অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে। তবে আমি বিশ্বাস করি, বায়ার্নই সেরা দল। তাদেরও খুব ভালো কিছু খেলোয়াড় আছে, যারা ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে।”
ম্যাচের পুরো সময় মনোযোগ ধরে রাখতে পারলে বায়ার্নই পরের ধাপে যাবে বলে মনে করেন দলটির হয়ে ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ জেতা রবেন।
“বায়ার্ন (জিতবে)। কারণ তারা খুবই শক্তিশালী এবং এই মুহূর্তে তাদের সবকিছু নিখুঁতভাবে হচ্ছে। তারা সুসংগঠিত দল এবং আমি বিশ্বাস করি, তারা একেবারে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। কিন্তু এটা তো ফুটবল, তাই এমন পরিস্থিতি যেকোনো সময়ই হতে পারে যে, লাল কার্ড দেখানো হলো বা এই ধরনের কিছু ঘটল। অবশ্যই সেদিকে সতর্ক থাকতে হবে। পুরো সময়টায় মনোযোগী থাকতে হবে। বায়ার্ন যদি সেটা করতে পারে, তাহলে আমার মতে কেবল একটি দলই জিতবে।”
