২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের ১৮ হাজার ৩০০ টিকেট অনলাইনে

একজন সর্বোচ্চ পাঁচটি টিকেট সংগ্রহ করতে পারবেন।

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের ১৮ হাজার ৩০০ টিকেট অনলাইনে
ভারতের বিপক্ষে ড্রয়ে বাছাই শুরু করেছে বাংলাদেশ। ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2025, 05:36 PM

Updated : 26 Aug 2026, 12:45 PM

এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকেট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ৯টি ক্যাটাগরির ১৮ হাজার ৩০০ টিকেট বিক্রি করবে দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে আগামী ১০ জুন মুখোমুখি হবে বাংলাদেশ ও সিঙ্গাপুর। টিকেটের বিষয়টি দেখভাল করা বাফুফের কম্পিটিশন্স কমিটি বুধবার সংবাদ সম্মেলনে জানিয়েছে, আগামী শনিবার থেকে অনলাইনে টিকেট ছাড়ার কথা।

tickify.live - এই অনলাইন প্ল্যাটফর্মে টিকেট পাওয়া যাবে শনিবার দুপুর ১২টা থেকে। প্রেসিডেন্ট বক্স বরাদ্দ থাকছে আমন্ত্রিত অতিথিদের জন্য।

হসপিটালিটি বক্স, কর্পোরেট বক্সের প্রতিটি টিকেটের দাম ধরা হয়েছে ৫ হাজার টাকা করে। ভিআইপি রেড বক্সের টিকেট ৪ হাজার টাকা।

ভিআইপি-২ (খেলোয়াড়দের বেঞ্চের পেছনে) ও ভিআইপি-৩ (রেড বক্সের নিচে), ক্লাব হাউজ-১-এর প্রতিটি টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে আড়াই হাজার করে। 

স্কাই ভিউ-এর প্রতিটি টিকেট পেতে সমর্থকদের গুণতে হবে তিন হাজার টাকা। এছাড়া ক্লাব হাউজ-২ এর টিকেটের দাম দুই হাজার টাকা করে।

সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে সাধারণ গ্যালারির টিকেটের, ৪শ টাকা করে।

বর্তমানে সংস্কার চলা জাতীয় স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ২২ হাজারের কিছু বেশি। 

ভারতের বিপক্ষে গোলশুন্য ড্র দিয়ে বাছাইয়ের তৃতীয় রাউন্ড শুরু করে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের সাথে গোলশুন্য ড্র করে সিঙ্গাপুরও। ‘সি’ গ্রুপে চার দলেরই এ মুহূর্তে পয়েন্ট সমান ১ করে।