১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সতীর্থদের আত্ম-সমালোচনা করতে বললেন রেয়াল অধিনায়ক

আলবাসেতের বিপক্ষে হেরে কোপা দেল রে থেকে বিদায়ের পর ভক্তদের কাছে ক্ষমা চাইলেন দানি কার্ভাহাল।

সতীর্থদের আত্ম-সমালোচনা করতে বললেন রেয়াল অধিনায়ক
রেয়াল মাদ্রিদ অধিনায়ক দানি কার্ভাহাল। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2026, 04:57 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

দ্বিতীয় স্তরের দলের বিপক্ষে হেরে কোপা দেল রে থেকে বিদায়ের পর বেজায় চটেছেন দানি কার্ভাহাল। সতীর্থদের একক ও দলগতভাবে আত্ম-সমালোচনা করতে বলেছেন রেয়াল মাদ্রিদ অধিনায়ক। স্প‍্যানিশ এই ডিফেন্ডারের মতে, আলবাসেতের বিপক্ষে হারে তলানিতে নেমে এসেছেন তারা। 

কোপা দেল রের শেষ ষোলোয় বুধবার আলবাসেতের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে রেয়াল। চারদিন আগে একই ব‍্যবধানে স্প‍্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে হেরেছিল তারা। 

ওই হারের পর দুই পক্ষের সমঝোতায় রেয়ালের প্রধান কোচের পদ ছাড়েন শাবি আলোন্সো। নতুন কোচ আলভারো আরবেলোয়ার শুরুটা হলো দুঃস্বপ্নের হার দিয়ে। এমন কিছু মানতেই পারছেন না অভিজ্ঞ ডিফেন্ডার কার্ভাহাল। 

“আমি মনে করি, আমরা তলানিতে নেমে এসেছি। দ্বিতীয় বিভাগের একটি দল আমাদের বিদায় করে দিয়েছে। তাদের অভিনন্দন। আগামীকাল থেকে আমরা সবাই আত্ম-সমালোচনা করব, একক এবং দলগতভাবে। চলতি মৌসুমে এখনও ঘুরে দাঁড়ানোর সময় আছে।” 

লা লিগায় শিরোপাধারী বার্সেলোনার চেয়ে চার পয়েন্টে পিছিয়ে থেকে দুই নম্বরে আছে রেয়াল। চ‍্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে ৬ ম‍্যাচে ১২ পয়েন্ট নিয়ে দলটি আছে সাত নম্বরে। তাদের দুটি হার এসেছে শেষ তিন ম‍্যাচে। 

সমস‍্যাটা কোথায় বুঝতে পারছেন না কার্ভাহাল। তবে করণীয় বুঝতে পারছেন তিনি। 

“কোথায় সমস‍্যা সেটা যদি জানতাম তাহলে আমরা হারতাম না। এখনও আমরা দুটি চমৎকার প্রতিযোগিতায় আছি এবং আমরা সেখানে সবটুকু দিয়ে লড়াই করব। দল এই মুহূর্তে তার সেরা অবস্থায় নেই। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং দলকে আরও বেশি দিতে হবে।”

“বার্তাটা হলো, যা আছে তার জন‍্য সবটুকু দিয়ে লড়াই কর। আমরা ভক্তদের কাছে ক্ষমা চাই। আমিসহ আমরা কেউই ক্লাবের প্রত‍্যাশা মেটাতে পারছি না। পরিস্থিতি পাল্টাতে আগামী মাসগুলোতে আমরা নিজেদের উজাড় করে দেব।”